চট্টগ্রাম নগরের ইপিজেড থেকে সল্টগোলা পর্যন্ত সড়ক এবং আশপাশের ফুটপাতে গতকাল রোববার সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
দেওয়ানহাট মোড় থেকে সিমেন্ট ক্রসিং মোড় পর্যন্ত শুধু সড়কে অবস্থানরত ভ্রাম্যমাণ হকার এবং সব ধরনের যানবাহনের উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে মহানগর পুলিশ এ অভিযান পরিচালনা করে। গতকাল থেকে তাদের মাসব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা নির্ধারিত বিশেষ অভিযানের অংশ হিসেবে ইপিজেড থেকে সল্টগোলা ও সিমেন্ট ক্রসিং এলাকার কিছু অংশের সড়ক অবৈধ দখলমুক্ত করেছি।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ‘রোববার আমরা ইপিজেড থেকে সল্টগোলা পর্যন্ত বিভিন্ন ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছি।’