
পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলার মোড় পর্যন্ত ড্রেনেজ পাইপ বসানোর জন্য ফুটপাত খুঁড়ে ভাঙা স্ল্যাব ও ব্লক সড়কের ওপরই ফেলে রাখা হয়েছে। এতে যানবাহন ও পথচারী চলাচলে প্রচণ্ড সমস্যা হচ্ছে। সন্ধ্যার পর ফুটপাতে চলাচল করতে গিয়ে খোঁড়া গর্তে পড়ে পথচারী আহত হওয়ার ঘটনাও ঘটছে নিয়মিত।
গতকাল বুধবার দুপুরে এলাকা ঘুরে জনভোগান্তির চিত্র চোখে পড়ে। এলাকার দোকানিরা বলেন, নয় দিন আগে খোঁড়ার কাজ শুরু হয়েছে। কিন্তু নির্মাণসামগ্রী সরানো হচ্ছে না। এতে ফুটপাতে চলা যাচ্ছে না। সড়ক দিয়ে চলাচলও কঠিন হয়ে পড়েছে। তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ড্রেনেজ পাইপলাইন বসানো এবং ফুটপাত উন্নয়নের কাজ করছে বলে করপোরেশন থেকে জানানো হয়।
দেখা গেল, পুরানা পল্টন মোড়ে ব্যস্ত সড়কের ওপরই এলোমেলোভাবে রাখা হয়েছে আরসিসি পাইপ। পাশেই বড় বড় গর্ত। এভাবে মণি সিংহ ফরহাদ ভবনের সামনে, মিশু কার্পেটের সামনে, জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বিপরীত দিকের সড়কসহ অন্তত ছয়টি জায়গায় সড়কের ওপর মোটা পাইপ ফেলে রাখা হয়েছে। একই সঙ্গে ছড়িয়ে রাখা হয়েছে মাটির নিচ থেকে উঠিয়ে আনা ভাঙা পাইপ।
ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সামনের সড়কে দেখা গেল বালুর স্তূপ। ছয় মাস আগে এখানে ফুটপাতে যেসব ব্লক বসানো হয়েছিল, সেগুলো উপড়ে ফেলে সড়কের ওপরই ছড়িয়ে রাখা হয়েছে। বাসমতী রেস্তোরাঁর সামনের সড়কে ফুটপাত খুঁড়ে তোলা মাটির স্তূপ। ফলে একদিকের ফুটপাতে হাঁটা যাচ্ছে না, অন্যদিকে সড়কে যানবাহন চলাচলের জায়গা কমে গেছে।
পরিত্যক্ত ভাঙা পাইপ, ফুটপাত ভেঙে তোলা ব্লক, মাটি কী কারণে সড়কের ওপর রাখা হয়েছে সে প্রশ্ন এলাকার দোকানি, সরকারি-বেসরকারি অফিসের লোকজনেরও।
একটি কার্পেটের দোকানের কর্মী আফতাব বলেন, ফুটপাতের ভাঙা অংশ ফেলার কি কোনো জায়গা নেই? তিনি বলেন, এগুলো সরানো হলে তাঁদের এবং পথচারীদের অনেক উপকার হয়।
একটি সরকারি বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ভালো পাইপ এবং পরিত্যক্ত পাইপ একসঙ্গে রাখা হচ্ছে। তাঁর প্রশ্ন—তাহলে কি ভালো পাইপের সঙ্গে পুরোনো পাইপও আবার মাটির নিচে বসানো হবে? পুরোনো ভাঙা পাইপকে নতুন বলে চালিয়ে দেওয়া হবে?
মণি সিংহ-ফরহাদ ভবনের সামনে ফুটপাতে একটু পরপর এমনভাবে খোঁড়া হয়েছে যে বোঝার উপায় নেই, গর্ত আছে। সেখানে সিটি করপোরেশন কোনো খুঁটি বা বেড়াও দেয়নি।
পুরোনো বইবিক্রেতা আবদুল্লাহ বলেন, এখানে ফুটপাতে চলতে গিয়ে প্রতিদিন কেউ না কেউ গর্তে পড়ে যাচ্ছেন। বিশেষ করে সন্ধ্যার পর। মঙ্গলবার সন্ধ্যায়ও দুজন পড়ে আহত হয়েছেন। পরে বাধ্য হয়ে তাঁরাই কাঠের বেড়া দিয়েছেন।
ডিএসসিসির প্রকৌশল বিভাগ থেকে বলা হয়, পুরানা পল্টনের জলাবদ্ধতা কমিয়ে আনতে মোটা ড্রেনেজ পাইপ বসানো হচ্ছে। ঠিকাদারের লোকজন সময়মতো পুরোনো নির্মাণসামগ্রী সরিয়ে না নেওয়ায় সমস্যা হচ্ছে। বিষয়টি ঠিকাদারকে জানানো হবে।