ফুটপাত থেকেও নেই!

সোমবার বেলা ১১ টা। শাহবাগ মোড়। বারডেম হাসপাতাল থেকে বেরিয়ে ফটকে এসে দাঁড়ালেন প্রায় ৫০ বছর বয়সী এক নারী। এদিক-সেদিক তাকিয়ে হাঁটতে শুরু করলেন মূল সড়ক দিয়ে। এ সময় দ্রুতগতিতে তাঁর পাশ ঘেঁষে চলে যায় একটি বাস। একটুর জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান তিনি।
বারডেম হাসপাতালের সামনের ফুটপাত দখল করে দোকানপাট গড়ে তোলায় ওই নারীর মতো পথচারীরা ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হন।
শাহবাগ মোড়ে দুটি বড় হাসপাতাল, জাদুঘর, পাশেই দুটি পার্ক ও বিশ্ববিদ্যালয় এলাকা হওয়ায় প্রতিদিন মানুষের ভিড় লেগে থাকে। কিন্তু ফুটপাতগুলো ভ্রাম্যমাণ দোকানিদের দখলে চলে যাওয়ায় পথচারীদের ঠিকমতো হাঁটার উপায় নেই।
গত সোমবার দেখা যায়, বারডেম হাসপাতালের সামনের মোড় থেকে ঢাকা ক্লাবের সামনের পদচারী-সেতু পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে খাবারের হোটেল ও সাতটি বিভিন্ন পণ্যের ভ্রাম্যমাণ দোকান। ক্রেতা ও দোকানের ভিড়ে জায়গাটিকে বাজার বলে মনে হয়। পদচারী-সেতুর সিঁড়ির নিচে গড়ে তোলা মুক্তিযোদ্ধা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে দিয়ে হাঁটা কঠিন। ফুটপাতে রাখা হয়েছে হোটেলের ময়লা, খাওয়ার পানির বোতল, গ্যাস সিলিন্ডার ও চুলা। হোটেলের কর্মচারীদের দাবি, এদিক দিয়ে কেউ হাঁটে না, তাই তাঁরা ফুটপাতেই এগুলো রেখেছেন। কর্মচারী সঞ্চিত দাস বলেন, ‘ভেতরে জায়গা নাই, তাই বাইরে রাখা।’ কেউ এতে বাধা দেয় না-জানতে চাইলে তিনি বলেন, ‘কেউ কিছু বলে না। ভিআইপি গেলে শুধু তখন উঠিয়ে দেওয়া হয়।’
পথচারী ইসমাইল হোসেন বলেন, ‘মোড়ের সিগন্যাল ছেড়ে দিলে বাসগুলো খুব দ্রুতগতিতে ছেড়ে যায়। তখন সড়ক দিয়ে হাঁটতে গেলে ঝুঁকি থাকে।’
ফুটপাত দিয়ে একেবারেই হাঁটা যায় না শাহবাগ থানার সামনে থেকে ছবির হাট পর্যন্ত। থানার গেটের সামনের এ ফুটপাতের শুরুতেই রাখা পুলিশের কাঁটাতারের প্রতিবন্ধক। পথচারীরা হাঁটছেন সড়কপথে। কয়েক হাত দূরে ফুটপাত ও সড়কের মাঝে রাখা হয়েছে সিটি করপোরেশনের দুটি বড় ও একটি ছোট ডাস্টবিন। আর ফুটপাতের ওপর সিটি করপোরেশন গড়ে তুলেছে ঘর। ঘরের বাইরে টাঙানো সাইনবোর্ডে লেখা, পরিচ্ছন্নতাকর্মীর হাজিরা ঘর, ওয়ার্ড নং ২১, অঞ্চল ১।
ডাস্টবিন পার হয়েও ফুটপাত দিয়ে স্বচ্ছন্দে হাঁটতে পারেন না পথচারীরা। এখান থেকে ছবির হাট পর্যন্ত ফুটপাতের অর্ধেক অংশ দখল করে আছে ১৫টি ভ্রাম্যমাণ খাবারের দোকান। এ ছাড়া তৈরি করা হয়েছে তিনটি নার্সারি।
ফুটপাতের ওপর নার্সারি তৈরিতে সিটি করপোরেশনের অনুমতি আছে কি না, জানতে চাইলে কোহিনুর নার্সারির মালিক কোহিনুর বলেন, ‘ঢাকা শহরে দোকান দিতে আবার কারও অনুমতি লাগে নাকি। কত ধনী মানুষ জায়গা দখল করে আছে, আমরা তো গরিব মানুষ।’
শাহবাগ থানার গেট থেকে মোড় ঘুরে শিশুপার্ক পর্যন্ত ফুটপাত-লাগোয়া ফুলের দোকান আছে প্রায় ১৬ টি। দুটি খাবারের দোকান ছাড়াও আছে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ ফুলের দোকান। দোকানগুলোর নির্দিষ্ট জায়গা থাকলেও ফুটপাতেও সাজিয়ে রাখা হয়েছে ফুল। নষ্ট হয়ে যাওয়া ফুল ফেলে রাখা হয়েছে ফুটপাত ও সড়কের মাঝে। কোথাও কোথাও ফুল পচে তৈরি হয়েছে আবর্জনার স্তূপ। শান্তা পুষ্পবিতানের এক কর্মচারী বলেন, ‘দোকানের ভেতর রাখার জায়গা নাই। সিটি করপোরেশনের লোকজন এসে একটু পরেই পরিষ্কার করে দেবে।’
স্কুলপড়ুয়া ছেলেকে নিয়ে এই পথে যাচ্ছিলেন আসমা আক্তার। তিনি বলেন, ফুটপাত তো হাঁটার জন্য। কিন্তু এর ওপরে দোকান, নিচে আবর্জনা। সড়কে তো রিকশা, বাস চলছেই।
ফুটপাতের অবৈধ স্থাপনা স্থায়ীভাবে উঠছে না কেন?-এই প্রশ্নের জবাবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘স্থায়ীভাবে কেন উঠছে না, সেটা একটা কঠিন প্রশ্ন। তবে আমরা নিয়মিত অভিযান চালাই।’
ফুটপাতে পরিচ্ছন্নতাকর্মীদের হাজিরার ঘর ও সড়কে ডাস্টবিন প্রসঙ্গে বক্তব্য জানতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য ফুটপাত থাকলেও এটি ব্যবহারে মানুষের ভোগান্তির বিষয়ে জানে সিটি করপোরেশনও। কিন্তু পুরোপুরিভাবে এ সমস্যার সমাধান হচ্ছে না স্বীকার করে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, এর আগেও এই এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উঠিয়ে দেওয়া হয়েছিল। সার্বক্ষণিক তো তদারকি করা যায় না। দেখা যায়, উঠিয়ে দিলে আবার বসে। এ সপ্তাহে আবার অভিযান চালানোর কথা আছে।