ফুটপাত দখল ও দিনে ময়লা ফেলায় জরিমানা
ফুটপাত দখল করে মালামাল রাখা এবং দিনের বেলায় ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলার দায়ে চট্টগ্রাম নগরের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ও তিন ব্যক্তিকে ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার নগরের বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফুটপাতের ওপর নির্মাণসামগ্রী রাখার দায়ে আন্দরকিল্লার হোটেল আল-ইমামকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ফুটপাত দখল করে সেখানে দোকানের পণ্যসামগ্রী রাখার দায়ে কে সি দে সড়কের এ্যাকোয়া অ্যাকুরিয়ামকে ২৫ হাজার টাকা, খাবারের দোকান বেক এন ফাস্টকে ২৫ হাজার টাকা এবং ঢাকা বীজ ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া দোকানের সামনে ময়লা-আবর্জনা রাখার অভিযোগে আন্দরকিল্লার মিন্টু প্রেসকে ১০ হাজার টাকা, দিনের বেলায় ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলায় লালদীঘি এলাকার মোহাম্মদ আরিফকে পাঁচ হাজার টাকা, চয়ন দাশকে দুই হাজার টাকা ও মো. তারেককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ফুটপাত দখলমুক্ত করতে এবং আবর্জনা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গত শুক্রবার প্রথম দিন অভিযান চালিয়ে ১৪ জনকে ৬৭ হাজার টাকা জরিমানা করেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
গত ১ সেপ্টেম্বর থেকে দিনের পরিবর্তে রাতের বেলা ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু করে সিটি করপোরেশন। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়ে প্রচারপত্র বিলি করা হয়। নির্ধারিত সময়ের বাইরে যাঁরা ময়লা-আবর্জনা ফেলছেন, তাঁদের বিরুদ্ধে ১ জানুয়ারি থেকে আইনি ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন।