ফুটপাত দখল করে ইফতারির দোকান
বরিশাল নগরের সদর হাসপাতাল সড়কের মোড়ে ফুটপাত দখল করে ইফতারির দোকান নির্মাণ করা হয়েছে। এতে সিটি করপোরেশনের করা একটি সৌন্দর্য স্থাপনা ঢাকা পড়ে গেছে। বন্ধ হয়ে গেছে ফুটপাত।
ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গত কয়েক দিন আগে ওই স্থানে প্রায় ৫০ ফুট দীর্ঘ ও ছয় ফুট প্রস্থ ফুটপাত দখল করে শামিয়ানা টানিয়ে ইফতারির অস্থায়ী দোকান তৈরি করেছেন খলিলুর রহমান নামের এক ব্যক্তি।
খলিলুর রহমান জানান, ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদারের অনুমতি নিয়ে তিনি ওই দোকান করেছেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর নঈমুল হাসান বলেন, ‘ওই স্থান দখল করে ইফতারির দোকান করায় সৌন্দর্য ঢাকা পড়ে গেছে। একই সঙ্গে ফুটপাতও দখল হয়েছে। এ ব্যাপারে সিটি করপোরেশনের সড়ক পরিদর্শক ও ভারপ্রাপ্ত মেয়রকে অবহিত করা হয়েছে। তার পরও কীভাবে ওই দোকান চালু হয়েছে, আমি জানি না।’
বাসযোগ্য বরিশাল নগর বাস্তবায়নে সামাজিক উদ্যোগ নামের একটি সংগঠনের সমন্বয়কারী কাজী এনায়েত হোসেন বলেন, ‘হাসপাতাল মোড়ে ফুটপাত দখল করে ইফতারির দোকান করা হয়েছে। এ ধরনের কাজ বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে ভারপ্রাপ্ত মেয়র বরাবর দরখাস্ত দিয়েছি।’ ভারপ্রাপ্ত মেয়র জানান, সেখানে অস্থায়ী একটি দোকান করার মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। কয়েক দিন পরেই সেটি সরিয়ে ফেলা হবে।