ফুটপাত দখল করে দোকান
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সান্ত্বনা মার্কেটের সামনে সিটি করপোরেশনের ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছে। দোকানটির ওপর ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসির) ২০০ কেভির উচ্চক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার রয়েছে।
মার্কেটের তত্ত্বাবধায়ক অনিল কুমার জানান, পাঁচ লাখ টাকা অগ্রিম নিয়ে মার্কেটের মালিকপক্ষ একজনকে দোকানটি ভাড়া দিয়েছে।
স্থানীয় লোকজন জানান, সান্ত্বনা মার্কেটের পাশেই বেইলি স্কুল ও বেইলি টাওয়ার শপিং কমপ্লেক্স। মার্কেটের বিপরীতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার, যেখানে নারায়ণগঞ্জের বেশির ভাগ রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হয়। সকাল থেকে রাত পর্যন্ত ওই ফুটপাত দিয়ে চলাচল করে পথচারীরা। দোকান নির্মাণের ফলে তাদের চলাচল ব্যাহত হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নূরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সিটি করপোরেশনের ফুটপাত অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডিপিডিসি নারায়ণগঞ্জ অঞ্চলের (পশ্চিম) নির্বাহী প্রকৌশলী শহীদুল মান্নান চৌধুরী জানান, ডিপিডিসির ২০০ কেভি ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারের নিচেই শুধু নয়, আশপাশে কোনো স্থাপনা নির্মাণ ঝুঁকিপূর্ণ ও অবৈধ। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।