ফুটপাত দখল করে পার্কিং
ফুটপাত দখল করে নিজের রেস্তোরাঁর পার্কিং অঞ্চল করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা হেলাল উদ্দিন। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন প্রধান সড়কের এই ফুটপাত দখলের কারণে ওই পথে চলাচলকারী লোকজনকে সমস্যায় পড়তে হচ্ছে।
সূত্র জানায়, চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সম্প্রতি স্টেডিয়াম কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) থেকে স্টেডিয়ামে ঢোকার মুখে একটি দোকানের জন্য জায়গা বরাদ্দ নিয়েছেন। তিনতলা এই খাবারের দোকানের নাম রেড চিলি। গত এপ্রিল থেকে দোকানটি চালু করা হয়।
দোকান বরাদ্দ নেওয়ার পর সামনের ফুটপাতটিতে খাঁজকাটা টাইলস (পার্কিং টাইলস) বসানো হয়েছে। এরপর ঢালু লোহার গ্রিল দিয়ে রাস্তার সঙ্গে ফুটপাতের সংযোগ করে দেওয়া হয়েছে, যাতে গাড়ি সহজে ফুটপাতে উঠে যেতে পারে। এখানে পাঁচ-ছয়টি গাড়ি পার্কিং করা যায়।
সরেজমিনে দেখা গেছে, রেড চিলি দোকানের সামনে ফুটপাতের ওপর তিনটি গাড়ি পার্কিং করা আছে। এ ছাড়া ফুটপাতের নিচে রাস্তায়ও আরও কয়েকটি গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। এ কারণে স্টেডিয়াম ও লালখান বাজারমুখী লোকজনকে ওই স্থানে এসে রাস্তা দিয়ে হেঁটে যেতে হচ্ছে।
দোকানের স্বত্বাধিকারী মো. হেলাল উদ্দিন টেলিফোনে বলেন, ‘ফুটপাত আগে ভাঙাচোরা ছিল। এখন আমরা সংস্কার করে এটিকে চলাচলের উপযোগী করেছি। মাধেমধ্যে গাড়ি রাখি। এমনিতে তো কাজির দেউড়ি থেকে শুরু করে স্টেডিয়াম সড়কের একপাশে গাড়ি রাখা হয়। আমরা ওটা না করে এই প্রক্রিয়ায় গাড়ি রাখছিলাম।’
হেলাল উদ্দিন আরও বলেন, ‘আগে ফুটপাতে হকার বসত। এখন আমরা দোকান করাতে তারা বসতে পারছে না।’
জানতে চাইলে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ‘আমরা তো বিষয়টা জানতাম না। এভাবে কেউ ফুটপাত ব্যবহার করতে পারে না। যদি ফুটপাতে পার্কিং করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সিজেকেএসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ফুটপাতকে পার্কিং অঞ্চল করায় খেলার সময় লোকজন বেশি সমস্যায় পড়বে। তখন যদি সড়ক বন্ধ না করে তখন বাধ্য হয়ে রাস্তা দিয়ে লোকজনকে হাঁটতে হবে৷ এখনো গাড়ি চলাচলের ভিড়ে রাস্তা ধরে হাঁটতে হচ্ছে।