ফুটপাত দখল করে বিপণিবিতান
নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা এলাকায় তুলা উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনের রাস্তার ফুটপাত দখল করে পাকা বিপণিবিতান (মার্কেট) নির্মাণ করছেন যুবলীগের কয়েকজন নেতা। তুলা উন্নয়ন বোর্ডের আপত্তি সত্ত্বেও তিন হাজার ২০০ বর্গফুট আয়তনের এই ফুটপাতে ইতিমধ্যে ১৮টি দোকানঘরের ৯০ শতাংশ কাজ শেষ করা হয়েছে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, তমালতলা পাকা সড়কের তমালতলা বাজার এলাকায় তুলা উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনের ফুটপাত (দৈর্ঘ্য ১৬০ ফুট ও প্রস্থ ২০ ফুট) দখল করে পাকা বিপণিবিতান নির্মাণ করা হচ্ছে। ওই কার্যালয়ের মূল ফটকের সামনে সামান্য কিছু জায়গা ফাঁকা রেখে উভয় পাশে ইতিমধ্যে ১৮টি দোকানঘর নির্মাণ করা হয়েছে। এখন ছাউনি ও পলেস্তারার কাজ চলছে।
তুলা উন্নয়ন বোর্ডের বাগাতিপাড়া ইউনিট কার্যালয়ের সহকারী কটন ইউনিট কর্মকর্তা কাইছার আলী বলেন, ‘মার্কেট নির্মাণ বন্ধ করতে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ বিভিন্ন স্থানে দরখাস্ত দিয়েছেন। তার পরও মার্কেট নির্মাণের কাজ চলছে। মার্কেট নির্মাণের আগে ওই জায়গায় আমাদের তুলার ট্রাক ও ভ্যান রাখা হতো। এ ছাড়া ওই জায়গার ওপর দিয়ে আমরা চলাচল করতাম। স্থানীয় লোকজনও চলাচল করতেন। এখন সবারই সমস্যা হবে।’
এ ব্যাপারে বিপিণবিতান নির্মাণের মূল উদ্যোক্তা উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান ওরফে দোলন বলেন, ‘আমি, জেলা যুবলীগের আইনবিষয়ক সহসম্পাদক জামিলুর রহমান এবং উপজেলা তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আবদুল হাকিমসহ আটজন মিলে মার্কেট করছি। এর আগে ওই জায়গা আমরা জেলা পরিষদের কাছ থেকে সেলামির বিনিময়ে এক বছরের জন্য ইজারা নিয়েছি। মার্কেট হলে এখানকার অর্থনীতি চাঙা হবে।’ জনগণের চলাচলের ফুটপাত ইজারা দেওয়া ও নেওয়ার আইনগত সুযোগ না থাকার কথা জানানো হলে তিনি বলেন, ‘অতীতে অনেকে এভাবে ইজারা নিয়ে দোকান করেছে। আমরাও করছি। আইনি বিষয় জেলা পরিষদ দেখবে। তা ছাড়া কেউ এ কাজে বাধাও দেয়নি। এলাকার সাংসদ ও প্রশাসন বিষয়টা জানেন। তার পরও সরকার ইচ্ছা করলে মার্কেট ভেঙে জমির দখল নিতে পারবে। তাতে সমস্যা নেই।’
এ প্রসঙ্গে বাগাতিপাড়া থানার ইউএনও বেনজং চাম্বু গং বলেন, ‘তুলা উন্নয়ন বোর্ড থেকে আমার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু জায়গাটি জেলা পরিষদের হওয়ায় আমি কোনো পদক্ষেপ নিতে পারিনি।’
নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরিফ উদ্দিন বলেন, ‘এক বছরের জন্য ইজারা দেওয়া জমির ওপর শক্ত অবকাঠামো নির্মাণ করা যাবে না। তা করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আর জায়গাটি ফুটপাত হিসেবে ব্যবহার করা হতো কি না, তা আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখব।’
নাটোর জেলা জজ আদালতের দেওয়ানি বিভাগের সরকারি আইনজীবী (জিপি) আসাদুল ইসলাম বলেন, ‘সরকারি রাস্তার পাশের ফুটপাত সরকার নিজেও ইজারা দিতে পারে না। কারণ, সেখানে জনগণের চলাচলের ব্যবহারিক অধিকার (ইজমেন্ট রাইটস) রয়েছে। জেলা পরিষদ ফুটপাতের জায়গায় মার্কেট নির্মাণের জন্য ইজারা দিয়ে ঠিক করেনি। আর এক বছরের জন্য ইজারা নিয়ে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করারও আইন নেই।’