সোনারগাঁও রোড

হাতিরপুল এলাকার সি আর দত্ত সড়কের অর্ধেকটা অবৈধ পার্কিংয়ের দখলে। ফুটপাতজুড়ে টাইলসের দোকানের মালপত্র রাখা। সঙ্গে আছে ছাপরা দোকান। পুরো সড়কেই বিশৃঙ্খল অবস্থা। সারাক্ষণ ভয়ানক যানজট।
সি আর দত্ত সড়কটি সোনারগাঁও রোড নামেও পরিচিত। রাজধানীর অন্যতম একটি বাণিজ্যিক এলাকা। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক ও গণমাধ্যম অফিস ছাড়াও এলাকাটি স্যানিটারি সামগ্রীর বড় বাজার। এখানে প্রায় ৪৫০টি স্যানিটারি পণ্যের দোকান।
গতকাল বুধবার গিয়ে দেখা যায়, কাঁঠালবাগান ঢাল থেকে শুরু করে হাতিরপুল পর্যন্ত পুরো সড়কের দুই পাশে স্যানিটারির দোকানগুলোর সামনে অসংখ্য পিকআপ ভ্যান রাখা। স্যানিটারি পণ্য কিনতে আসা খদ্দের ধরতে এরা বসে থাকে। এমনই এক পিকআপ ভ্যানের চালক রফিকুল ইসলাম জানালেন, দোকানের সঙ্গে তাঁদের কোনো চুক্তি নেই। বললেন ‘দোকানের সামনে থাকলে কাস্টমার পাইতে সুবিধা হয়। পুলিশ আইলে গাড়ি লইয়া দৌড় দেই।’
প্রায় প্রতিটি স্যানিটারি দোকানের সামনেই মালপত্র রাখা। কেউ কেউ ভাঙা জিনিসপত্রও রেখে দিয়েছেন ফুটপাতের ওপর। নূর স্যানিটারি মার্টের মালিক ফারুক আহমেদ দোকানের সামনের ফুটপাতে বাথটাব রেখেছেন। তিনি বলেন, ‘রাস্তার ওপর চায়ের দোকান। দেখতে খারাপ লাগে। তাই বাথটাব দিয়ে আড়াল করে রেখেছি।’
এই সড়কের ফুটপাতের বিভিন্ন স্থানে মোটরসাইকেল রাখা। গ্রেটওয়াল সিরামিকসের দোকানের সামনে কমপক্ষে ২০টি মোটরসাইকেল সারি বেঁধে পার্ক করা ফুটপাতের ওপর। এখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মী বললেন, এগুলো ব্যাংক ও দোকানের লোকজন রেখেছেন। স্যানিটারি পণ্য কিনতে আসা ও অফিসের লোকজনের ব্যক্তিগত গাড়িও সড়কে রাখা। সি আর দত্ত সড়কটি খুব বেশি চওড়া না। এমনিতেই এখানে যানজট লেগে থাকে। অসংখ্য রিকশাভ্যানও গাড়িগুলোর ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে থাকে। এখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত মিজানুর রহমান বলেন, ‘ফুটপাতে হাঁটতে গেলে একবার উঠি একবার নামি। রাস্তাটার যা-তা অবস্থা।’
মতিঝিল

সড়ক দখল করা প্রসঙ্গে ঢাকা ট্রাফিক দক্ষিণ বিভাগ রমনা জোনের সহকারী কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘এটা একটা সমস্যার জায়গা। এখানে কিছু মিডিয়ার গাড়িও থাকে। সহজে তাদের কিছু বলা যায় না। অন্যদের সরতে বললে তখন ওরা এদের দেখিয়ে দেয়।’ তিনি আরও বললেন, আশপাশের মূল সড়কে রিকশা চলে না। এই সড়কে প্রচুর রিকশা চলাচল করে। ফলে সামাল দিতে সমস্যা হয়ে যায়। প্রায়ই রেকার নিয়ে সেখানে যান।
পাশেই আছে বাংলামোটর লিংক সড়ক। গত জুনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যত্রতত্র আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করার অভিযোগে এই এলাকার ১১টি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করে। কিন্তু গতকালও দেখা যায় দোকানগুলোর সামনে টাইলস, মোজাইকের ভাঙা টুকরাসহ নানা আবর্জনা পড়ে আছে। এই সড়কের দুই পাশেও অবৈধ পার্কিং।
বাংলাদেশ মোজাইক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুল আহসান ফুটপাতের ওপর পণ্য রাখা সম্পর্কে বলেন, তিনি মাঝে মাঝে দোকানগুলোকে চিঠি দিয়ে থাকেন ফুটপাতে পণ্য না রাখার জন্য।
কাঁঠালবাগানের দিকে যেতে প্ল্যানার্স টাওয়ার ও সোনার তরী টাওয়ার পাশের ফুটপাতে বেশ কয়েকটি ছাপরা দোকান গড়ে উঠেছে। পুরো ফুটপাতই এদের দখলে। এখনকার চা-বিক্রেতা আলমগীর বলেন, ‘অনুমতি লাগে নাই। তয় লাইনম্যান ও পুলিশ মাঝে মইধ্যে টাকা নেয়।’
কলাবাগান থানার ওসি ইয়াসির আরাফাত জানান, টাকা নেওয়ার ব্যাপারে তিনি জানেন না। রুটিনমাফিক কাজ হিসেবে দখলদারদের তাঁরা তুলে দেন।