ফুটপাত দখল: দেখার কেউ নেই

ফুটপাত আছে ঠিকই। তবে রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তান, বায়তুল মোকাররম, জিপিও, পুরানা পল্টন, মতিঝিল, দিলকুশা এলাকার ফুটপাত বহুকাল থেকে হরেক পণ্যের স্থায়ী বাজারে পরিণত হয়েছে। ফুটপাত দিয়ে চলাচল দুঃসাধ্য। কোথাও কোথাও ফুটপাত ছাড়িয়ে মূল সড়কের ওপর বসে গেছে পণ্যের পসরা। ফলে পথচারীদের ভোগান্তি আর সড়কের যানজট তীব্র হলেও প্রতিকার নেই।
গুলিস্তান সিনেমা হলের সামনের ফুটপাতজুড়ে পলিথিনের ছাউনি টাঙিয়ে বসেছে সারি সারি তৈরি পোশাকের দোকান। শার্ট, প্যান্ট, বাচ্চাদের পোশাক, থ্রিপিস—সবই মিলবে এখানে। গতকাল শনিবার দুপুরে এখানকার শার্ট বিক্রেতা বিক্রমপুরের আনোয়ার হোসেন জানান, প্রায় ১৭-১৮ বছর ধরে এখানে ব্যবসা করছেন তিনি। নতুন করে এখানে পসরা সাজানোর জায়গা নেই। নতুন যাঁরা ব্যবসায় আসছেন, তাঁরা সড়কের ওপর পলিথিন বিছিয়ে বা টেবিল পেতে পসরা সাজান। পুরোনো ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে দিলে সেই জায়গাটি বিক্রি হয় ৩০ থেকে ৫০ হাজার টাকায়। তবে সচরাচর জায়গার হাতবদল হয় না। প্রতিদিন ‘লাইন ফি’ দিতে হয় ১০০ টাকা আর বিদ্যুতের জন্য ২০ টাকা। এই হলো দোকানের খরচ। বিক্রি মন্দ নয়, দেশের পরিস্থিতি ভালো থাকলে ১০-১৫ হাজার টাকার বিক্রি হয় প্রতিদিন।
জিপিওর সামনের ফুটপাতের গ্রিলের সঙ্গে পুরোনো কোট-টাই ঝুলতে দেখা যাবে সারা বছর। কুমিল্লার আমির আলী এখানে কোট বিক্রি করেন। তিনি জানান, এখানে দিনপ্রতি লাইন ফি ৭০ টাকা। বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের পশ্চিম পাশের ফুটপাতে পাওয়া যাবে কার্পেট, বিদেশি ভ্রমণ ব্যাগ, থানকাপড়, জুতা, কম্বল, আঁতর, টুপিসহ হরেকরকম গৃহস্থালি যন্ত্রপাতি। এখানে বড় পসরায় দৈনিক লাইন ফির বদলে মাসিক ভাড়া দিতে হয়। একজন কার্পেট বিক্রেতা জানান, ভাড়া দিতে হয় মাসে চার হাজার টাকা। কারা এই লাইন ফি বা ভাড়া তোলে জানতে চাইলে তিনি জানান, লোক আছে। তবে এই টাকা কারা নেয়, কোথায় যায় তা তিনি জানেন না। মাসে বা প্রতিদিন একটি নির্দিষ্ট অঙ্কের টাকা লাইনম্যানের হাতে ধরিয়ে দিয়ে তাঁরা নিশ্চিন্তে ব্যবসা করছেন। অন্য কোনো চাঁদাবাজি নেই বলে জানান এই এলাকার ফুটপাতের ব্যবসায়ীরা।
পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলার মোড় হয়ে একেবারে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত পথের দক্ষিণ পাশের ফুটপাতজুড়ে পোশাক, ফল, জুতা, ব্যাগের পসরা। আর উত্তর পাশের পসরা শুরু হয়েছে পুরোনো বইয়ের সমারোহ দিয়ে। তারপর ফলের দোকান। পুরোনো বইয়ের বিক্রেতা চাঁদপুরের ফরিদগঞ্জের আবুল খায়ের জানান, প্রায় ২৫-৩০ বছর থেকে তিনি ব্যবসা করছেন এখানে। পুরোনো ব্যবসায়ী বলে তাঁকে কোনো লাইন ফি দিতে হয় না। মাসে শুধু বিদ্যুতের খরচ দিতে হয় ৫০০ টাকা। কিছু দূরের এক ফলবিক্রেতা জানান, তাঁর লাইন ফি দৈনিক ৫০ টাকা।
দিলকুশার জীবন বিমা ভবনের সামনে থেকে একেবারে আমেরিকান এক্সপ্রেস ব্যাংক পর্যন্ত চলে গেছে হরেক পণ্যের পসরা। এখানে ফুটপাত ছাড়িয়ে পসরা বসেছে সড়কের ওপরও। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন ভবনের সামনে থেকে পিপলস ইন্স্যুরেন্স ভবন পর্যন্ত সড়কজুড়ে বিশাল কাঁচাবাজার। এখানে আলু, করলা, ঝিঙা, মসলার পাশাপাশি মাছ, মাংস, মুরগি পাওয়া যাবে। কাঁচাবাজারের সবজি বিক্রেতা মুন্সিগঞ্জের আবুল কাশেম জানান, অফিস ছুটির পর চাকরিজীবীরা এখান থেকেই প্রয়োজনীয় কেনাকাটা করে ঘরের পথে যাত্রা করেন। সন্ধ্যার পর কাঁচাবাজার উঠে যায়।
দিলকুশা-মতিঝিল এলাকার ফুটপাতের ওপর বেঞ্চ-টেবিল পেতে অনেক ‘ভাতের হোটেল’ গড়ে উঠেছে। বলাকা ভবন, কৃষি ব্যাংক ভবন, রূপালী ব্যাংক ভবনের পাশের ফুটপাতজুড়ে এসব ভাতের হোটেলে জমজমাট থাকে সকাল থেকে সন্ধ্যা অবধি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পূর্ব দিকের গেটের দুই পাশে পোশাক আর মৌসুমি ফলের পসরা। হোটেল পূর্বাণীর সামনে থেকে পেট্রলপাম্প পর্যন্ত ফুটপাত ও পথের ওপর দিয়ে বসে যায় শাকসবজির বাজার। প্রতিদিন লাইন ফির বিনিময়ে চলে ফুটপাতের এই কারবার।
গুলিস্তান, মতিঝিল, দিলকুশা হয়ে পল্টন পর্যন্ত বিশাল এলাকার ফুটপাত ও সড়কের ওপর কত দোকান বসছে এবং প্রতিদিন কত লাইন ফি উঠছে তার পরিসংখ্যান পাওয়া কঠিন। তবে এই অবৈধ দখলে পথচারীদের পড়তে হচ্ছে প্রচণ্ড দুর্ভোগে। যানজট হচ্ছে তীব্র। বছরের পর বছর এই অবৈধ কারবার চলছে চোখের সামনে। অবস্থাদৃষ্টে মনে হয়, প্রতিকার করার কেউ নেই।