ফুটপাত দখল হওয়ায় উচ্চবিত্তের মানুষের সমালোচনায় প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটপাত দখল হওয়ায় উচ্চবিত্ত, সুশিক্ষিত ও সচেতন মানুষের কঠোর সমালোচনা করেছেন। তিনি এসব দখল বন্ধে সঠিক তদারকি না করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষেরও (রাজউক) সমালোচনা করেন।জাতীয় সংসদে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই সমালোচনা করেন। তিনি বলেন, রাজধানীতে সুউচ্চ ভবন তৈরি হচ্ছে। অথচ এসব ভবনে ঢোকার জন্য পর্যাপ্ত সড়ক আছে কি না, তা লক্ষ করা হয় না। আগে যেখানে একটি প্লটে একটি পরিবার থাকত, এখন সেখানে ৩০-৪০ বা আরও বেশি পরিবার থাকে। তাই প্রতিটি পরিবারকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া সম্ভব হয় না।প্রধানমন্ত্রী বলেন, গুলশান, বনানী, বারিধারাসহ বিভিন্ন অভিজাত এলাকায় দেখা যায়, প্রতিটি বাড়িতে ঢোকার বা তাদের পার্কিংয়ে যাওয়ার জন্য ফুটপাত দখল করে রাস্তা বানানো হয়েছে। এসব এলাকায় সমাজের উচ্চবিত্ত, শিক্ষিত ও সচেতন মানুষ বসবাস করেন। এ ক্ষেত্রে রাজউকেরও ব্যর্থতা আছে। তারা বিষয়গুলো যথাযথভাবে তদারক করছে না।বিএনপির অনুপস্থিত সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। ইতিমধ্যে বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্ত সম্মেলন, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিব পর্যায়ের সম্মেলনে সীমান্তে হত্যার ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয়েছে। তিনি বলেন, চারদলীয় জোট সরকারের সময়ে ২০০৬ সালে সীমান্তে বিএসএফের হাতে ৯৫ জন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে ৮৭ জন, বর্তমান সরকারের সময়ে ২০১১ সালে ৪৮ জন এবং ২০১২ সালের ২৮ নভেম্বর পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে। সীমান্ত হত্যা যাতে শূন্যে নামিয়ে আনা যায়, সে জন্য প্রচেষ্টা অব্যাহত আছে।জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সীমান্তে অহেতুক মানুষ হত্যা বন্ধে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাংলাদেশ-ভারত যৌথ টহল শুরু হয়েছে। রাতে সীমান্তের ১৫০ গজের মধ্যে যাতে না যায়, সে জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দিয়ে সচেতনতামূলক কাজ চালানো হচ্ছে।আবদুল মতিন খসরুর প্রশ্নের জবাবে সংসদনেতা বলেন, ভারতের সীমান্তে বিভিন্ন ধরনের মাদক কারখানা আছে। এ ব্যাপারে ভারত সরকারকে বলা হয়েছে। তারা কিছু কিছু কারখানা ধ্বংস করেছে। কিন্তু এগুলো একদিকে করা হলে অন্যদিকে আবার তৈরি হয়। তিনি সাংসদদের বলেন, ‘আপনাদের যাঁদের কাছে এ ধরনের কারখানার তালিকা আছে, তা সরকারকে দিন। সরকার ভারতকে দেবে ব্যবস্থা নেওয়ার জন্য।’