ফুটপাত দখলমুক্ত করতে মেয়র আনিসুলের কঠিন বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফুটপাতগুলো দখলমুক্ত করতে দখলকারীদের প্রতি কঠিন বার্তা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি বলেছেন, ফুটপাতের দখল ছেড়ে দিতে প্রথমে দখলকারীদের কাছে মিনতি করা হবে। এভাবে বারংবার অনুরোধের পরেও যদি কাজ না হয়, তাহলে সরাসরি বুলডোজার চালানো ছাড়া উপায় থাকবে না।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট আয়োজিত এক নাগরিক সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপটি যৌথভাবে আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, আন্তর্জাতিক এনজিওগুলোর সংগঠন আরবান এনজিও ফোরাম এবং সেন্টার ফর আরবান রেজিলিয়েন্স।

ফুটপাত থেকে দখলদারদের উচ্ছেদ করার বিষয়টিকে ‘খুবই কঠিন কাজ’ অভিহিত করে মেয়র তাঁর বক্তব্যে বলেন, ‘আমি আমার লোকজনকে বলেছি, প্রথম দিন যাবা, হাতে ধরবা। বলবা, “স্যার আমার জায়গা ছেড়ে দেন।” দ্বিতীয় দিন যাবা, বলবা, “স্যার, আপনি অনেক বড়লোক, ফুটপাত বোধ হয় ভুল করে দখল হয়ে গেছে, আপনি বোধ হয় টের পান নাই, ছেড়ে দেন।” তৃতীয় দিনে পায়ে ধরে বলবা, “গরিবের ফুটপাত ছেড়ে দেন স্যার।” এরপরেও না ছাড়লে চতুর্থ দিনে ডাইরেক্ট বুলডোজার চালায়া দিবা।’

এ ব্যাপারে কাউকেই ‘কেয়ার’ করা হবে না মন্তব্য করে মেয়র আরও বলেন, ‘ইনশা আল্লাহ, আপনারা দেখবেন, উই উইল টেক আউট দিস।’

দুই দিনব্যাপী এই নগর সংলাপের উদ্বোধনী পর্বে মেয়রের পাশের আসনে বসেছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বক্তব্যের এই পর্যায়ে মেয়র আনিসুল মন্ত্রীকে দেখিয়ে বলেন, ‘একটু আগেই মন্ত্রী মহোদয়কে বলছিলাম, গুলশানের ফুটপাতগুলো কারা দখল করে আছে। এখন তো প্রকাশ্যে বলতে পারব না।’