ফুটপাত দখলমুক্ত করতে শ্রমিকদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত দখলমুক্ত করার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
কাঁচপুর শিল্পাঞ্চলের ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপ, স্কয়ার গ্রুপ, কঁাচপুর ডাইং ও জাকির ইন্ডাস্ট্রিজের কর্মরত শ্রমিকেরা গতকাল বুধবার এ স্মারকলিপি দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এ চারটি শিল্পকারখানায় বর্তমানে ১ লাখ ১০ হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকেরা এসব কাজে যোগ দেওয়ার আগে ও কাজ শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের কঁাচপুর বাসস্ট্যান্ড এলাকা দিয়ে যাতায়াত করেন।
শ্রমিকেরা অভিযোগ করেন, মহাসড়কের দুই পাশে পথচারীদের হাঁটার জায়গা (ফুটপাত) একেবারে দখল হয়ে গেছে। ফুটপাতের ওপরে ভ্রাম্যমাণ দোকান ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। ফলে শ্রমিকেরা ঝুঁকি নিয়ে মহাসড়কের ওপর দিয়ে চলাচল করছেন। অন্যদিকে, শ্রমিকদের ছুটি হলে তাঁদের ভিড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিক রওশন আলী ও নুরুদ্দিন মিয়া বলেন, তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।
কঁাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মহাসড়কের পাশের ফুটপাত দখল হয়ে যাওয়ায় শ্রমিকদের চলাচলে সমস্যা হচ্ছে। মহাসড়কে যানজট ও সড়ক দুর্ঘটনা বাড়ছে। গত এক বছরে এ এলাকায় সড়ক দুর্ঘটনায় ১১ জন শ্রমিক নিহত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা বলেন, কঁাচপুরে মহাসড়কের পাশের ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।