ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের সঙ্গে শাবল-খুন্তি হাতে ছড়ার (পানি নিষ্কাশনের প্রশস্ত খাল) অবৈধ অংশ দখলমুক্ত করতে কাজে নেমেছিলেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। এবার একইভাবে তিনি নগরের বেদখল হওয়া ফুটপাত ও নালা-নর্দমার ওপর স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদে নিজ হাতেই কাজ শুরু করেছেন। মেয়রের দেখাদেখি এ কাজে সিটি করপোরেশনের কাউন্সিলর থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা হাত মেলান।

গতকাল রোববার বেলা একটা থেকে আড়াইটা পর্যন্ত নগরের কিনব্রিজ, সুরমা মার্কেট, সিটি পয়েন্ট, বন্দরবাজার, কোর্টপয়েন্ট, জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় ফুটপাতে উচ্ছেদে অভিযান চালানো হয়। করপোরেশন সূত্র জানায়, নগরের গুরুত্বপূর্ণ সড়কের পার্শ্ববর্তী ফুটপাতগুলো বেদখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাফেরায় ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এসব বিবেচনায় সিটি করপোরেশন মেয়রের নেতৃত্বে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নামে। এ সময় মেয়র ফুটপাতের অবৈধ দখলকারীদের উচ্ছেদ করেন। পাশাপাশি বিভিন্ন বিপণিবিতান ও দোকানপাটের যেসব ব্যবসায়ী রাস্তা ও ফুটপাত পর্যন্ত বর্ধিত করে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন, ভবিষ্যতে যেন এমনটি না করেন সে ব্যাপারেও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে দেন।

সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, নগরের বেদখল হওয়া ফুটপাত থেকে উচ্ছেদ করে ইতিমধ্যে স্টিলের বেষ্টনী লাগানো হচ্ছে। নগরবাসীর হাঁটাচলার পথ সুগম করতে ফুটপাতগুলোকে দ্রুততম সময়ের মধ্যে উপযোগী করে তোলা হবে। বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় গিয়ে দেখা গেছে, ফুটপাতের যেসব স্থানে অবৈধ দখলকারীরা বিভিন্ন পসরা সাজিয়ে বসেছিলেন, তাঁদের বুঝিয়ে মেয়র ওই স্থান থেকে সরিয়ে দিয়েছেন। ফুটপাতের হকারদের মালপত্র সরানোর সময় মেয়রও হাত লাগিয়ে সহযোগিতা করেছেন। এটি প্রত্যক্ষ করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ দর্শনার্থীরা মেয়রের সঙ্গে যোগ দেন।

উচ্ছেদ কার্যক্রম চলাকালে মেয়রের সঙ্গে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান ছাড়াও ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, রাজিক মিয়া, মো. ছয়ফুল আমিন, আবদুল মুহিত, দেলওয়ার হোসাইন, এ বি এম জিল্লুর রহমান, সোহেল আহমদ, অ্যাসিড সন্ত্রাস নির্মূল কমিটি সিলেটের সাধারণ সম্পাদক জুরেজ আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ফুটপাতের হকারদের উচ্ছেদ করা হচ্ছে নগরবাসীর হাঁটার পথ সুগম করার জন্য। অনেক ব্যবসায়ীরা তাঁদের দোকানের সামনের ফুটপাত ও রাস্তার অংশ দখল করে ব্যবসায়িক কর্মকাণ্ড চালাচ্ছেন, তাঁদের বুঝিয়েছি যে এটি অন্যায়। এভাবেই বেদখল হওয়া ফুটপাত ও নালা-নর্দমা উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদের পাশাপাশি প্রকৃত হকারদের পুনর্বাসনের ব্যবস্থাও চলছে।’