>বংশাল, কোতোয়ালি, সূত্রাপুর ও শাহবাগ থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশ

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এলাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে আদালতের নির্দেশনা অনুসরণ না করায় চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে করা একটি আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
এই চার থানার ওসিরা হলেন বংশাল থানার নূর-ই আলম সিদ্দিকী, কোতোয়ালি থানার আবুল হাসান, সূত্রাপুর থানার আশরাফ উদ্দিন ও শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিকী। আদালত অবমাননার অভিযোগে তাঁদের বিরুদ্ধে কেন কার্যক্রম শুরু করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। এই চার পুলিশ কর্মকর্তাকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে প্রায় চার বছর আগে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিলেন। ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের দেওয়া ওই আদেশে জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এলাকার ফুটপাত এবং রাস্তার ওপর দোকান, ফেরিওয়ালা, ফলের দোকান, ফুটপাত বা রাস্তার ওপর বালু, রড বা যেকোনো মালামাল রাখা, ভ্যান ও ঠেলাগাড়ি পার্কিং ইত্যাদি দখলমুক্ত করতে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। এই নির্দেশ কতটা বাস্তবায়ন হয়েছে তা জানিয়ে ৩০ দিন পরপর প্রতিবেদন আদালতে দাখিল করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে ওই নির্দেশনার চার বছর পরও এখন পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখলমুক্ত হয়নি উল্লেখ করে এই চার থানার ওসির বরাবর গত ৩১ অক্টোবর আদালত অবমাননার নোটিশ পাঠান রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ। এতে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে এসব দখলমুক্ত করা না হলে আদালত অবমাননার মামলা করা হবে। ওই নোটিশের জবাব না পেয়ে গত রোববার আদালত অবমাননার আবেদনটি করা হয়। এই আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল আদালত রুল দেন বলে জানান মনজিল মোরসেদ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গত ২৭ অক্টোবর গুলিস্তান এলাকায় রাস্তা-ফুটপাত থেকে পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ করলেও পরদিনই আবার দখল হয়ে গেছে।