ফুটপাত দখলমুক্ত হলো, অতঃপর...

রাজধানীর পান্থপথ থেকে ফার্মগেট যাতায়াতের সড়কটির ফুটপাত আজ সোমবার সকালে দখলমুক্ত করেছে তেজগাঁও বিভাগের পুলিশ। সড়কটির ফুটপাত অনেক দিন ধরে অবৈধ রিকশার গ্যারেজ ও ভ্রাম্যমাণ খাবারের দোকানের দখলে ছিল।
দখলমুক্ত করার পর সেই রিকশা ও খাবারের দোকান ওই সড়কের পাশের গলি গার্ডেন রোডে এনে রাখা হয়েছে। এতে ফুটপাত দখলমুক্ত হলেও গার্ডেন রোডে যানজট তৈরি হয়েছে। পুলিশ অবশ্য বিষয়টির সমাধানের আশ্বাস দিয়েছে।

পুলিশ জানায়, আজ সকালে তেজগাঁও ও শেরেবাংলা নগর থানা-পুলিশের যৌথ অভিযানে পান্থপথ-ফার্মগেটের ফুটপাত দখলমুক্ত করা হয়। এটি তাদের নিয়মিত কাজের অংশ বলে জানায় পুলিশ। এ বিষয়ে পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার সাত্যকি কবিরাজ বলেন, এই ফুটপাতে অবৈধ রিকশার গ্যারেজ ও ভ্রাম্যমাণ খাবারের দোকান ছিল। এগুলো আজ উচ্ছেদ করা হয়েছে। অবৈধ উচ্ছেদের পর সরঞ্জাম জব্দ করতে সিটি করপোরেশনের কাছে গাড়ি চাওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ফুটপাত দখলমুক্ত হলেও এখানে থাকা রিকশা ও খাবারের দোকানের সরঞ্জাম রাখা হয়েছে পাশের গার্ডেন রোডে। এমনিতেই এই সড়কটি অপেক্ষাকৃত কম প্রশস্ত। এতে রিকশা ও দোকানের সরঞ্জাম রাখার কারণে এই পথ দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। দীর্ঘ যানজটের কবলে পড়েছেন এই পথের পথচারীরা। এই প্রতিবেদকের সামনেই কয়েকজন পথচারী এ সমস্যাটি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাত্যকি কবিরাজ বলেন, ওই রাস্তা দখলমুক্ত করার চেষ্টা করছেন তাঁরা। তবে উচ্ছেদে অংশ নেওয়া একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সমস্যাটা রাজনৈতিক। এখানে অনেক রাজনৈতিক প্রভাব আছে। এর আগেও তাঁরা এই ফুটপাত দখলমুক্ত করেছিলেন। পরে আবার দখল হয়েছে। এ সমস্যার যাতে স্থায়ী সমাধান হয়, এ চেষ্টাও তাঁরা করছেন।