ফুটপাত দখলে পথচারী হাঁটে সড়ক দিয়ে
রাজধানী ঢাকার বেশির ভাগ মানুষ এখনো হেঁটে যাতায়াত করে। কিন্তু এই হাঁটার জন্য থাকা ফুটপাতের অধিকাংশই হকার-ব্যবসায়ীদের দখলে। আর অনেক সড়কের ফুটপাতসংলগ্ন অংশ থাকে থেমে থাকা গাড়ির দখলে। ফলে পথচারীকে বাধ্য হয়ে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে হাঁটতে হয় সড়কের প্রায় মাঝখান দিয়ে।
অথচ পথচারীর জন্য ফুটপাত উন্মুক্ত রাখার এবং ফুটপাতের উন্নয়নের উদ্যোগ নেই। প্রায় এক দশক আগে ঢাকার জন্য একটি পার্কিং নীতিমালা হলেও এর বাস্তবায়ন হয়নি।
জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা ২০০৯ সালে ঢাকা আরবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেভেলপমেন্ট স্টাডি (ডিএইচটিইউএস) নামে একটি সমীক্ষা করে। ওই সমীক্ষা অনুযায়ী, ঢাকা মহানগরের মানুষের ৩৭ দশমিক ২ শতাংশ বাসা বা কর্মস্থল থেকে হেঁটে যাতায়াত করে।
বেসরকারি সংস্থা ডব্লিউবিবি ট্রাস্ট পরিচালিত ২০১১ সালের এক সমীক্ষায় দেখা গেছে, ঢাকার ৪৪ শতাংশ এলাকায় হাঁটার মতো ফুটপাতই নেই। যেসব এলাকায় ফুটপাত আছে তারও ৫৫ শতাংশ বালু-ময়লার জন্য চলাচলের অনুপযোগী। ১৮ শতাংশ চলাচলের জন্য খুবই ভালো। বাকি ফুটপাতে কোনো রকমে চলা যায়। বাসাবাড়ি বা অফিস থেকে গাড়ি বের করার সুবিধার্থে অনেক স্থানে ফুটপাতের কিছু অংশ নিচু করে রাখা কিংবা কেটে ফেলা হয়েছে। সমীক্ষায় দেখা গেছে, ৩১ শতাংশ যাতায়াতকারী ফুটপাত ধরে হাঁটতে গিয়ে উঁচু-নিচুতে পড়ে আহত হয়েছে।
এ ছাড়া ফুটপাত ও সড়কের এক-তৃতীয়াংশ দখল করে গাড়ি রাখা হয়। যেখানে-সেখানে গাড়ি পার্কিংরোধে ২০০৫ সালে করা পার্কিং নীতিমালা মন্ত্রিসভা কমিটি অনুমোদনও করে। কিন্তু তা বাস্তবায়নে উদ্যোগ নেই।