
গত জুলাই মাসের ঘটনা। খুলশী এলাকায় অবস্থিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট কার্যালয়ের উচ্চমান সহকারী মো. ফজলুর রহমান তারাবির নামাজ শেষ করে ফিরছিলেন বাসায়। শরীর খারাপ থাকায় একটু তাড়াহুড়ো করে বাসায় ফিরতে গিয়ে পড়ে যান খুলশী ১ নম্বর সড়কের ফুটপাতের ভাঙা স্ল্যাবে। গর্তে পড়ে ভেঙে যায় তাঁর পা। ভাঙা পা নিয়ে এখনো বিছানায় কাতরাচ্ছেন তিনি।
নগরের ব্যস্ত সড়ক জাকির হোসেন সড়কের ফুটপাত দিয়ে চলতে গিয়ে পথচারীরা প্রায় সময় এমন দুর্ঘটনায় পড়ছেন। এই এলাকার কোথাও কোথাও ফুটপাত হকারের দখলে। কোথাও আবার ফুটপাতই নেই। যেসব এলাকায় ফুটপাত আছে সেখানে কিছুদূর পর পরই হাঁ হয়ে আছে ভাঙা স্ল্যাব। রাতে দূরপাল্লার বাস ও ট্রাকসহ ভারী যানবাহনের কারণে পথচারীরা ফুটপাতে চলাচল করতে বাধ্য হন। কোনো ধরনের সতর্কীকরণের চিহ্ন না থাকায় ভাঙা স্ল্যাবে পড়ে মারাত্মকভাবে আহত হচ্ছেন পথচারীরা।
গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সামনের ফুটপাত থেকে খুলশী ৩ নম্বর সড়কের ফুটপাতের ছয়টি স্ল্যাব ভাঙা এবং পাঁচটি স্ল্যাব একেবারেই নেই। ভাঙা স্ল্যাবগুলো থেকে ধারালো রড ও কংক্রিট বেরিয়ে আছে বিপজ্জনকভাবে। সতর্ক না হলে অনুজ্জ্বল সড়কবাতির কারণে যেকোনো পথচারী এই ফুটপাত দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনায় পড়বেন।
খুলশীর কিছু দূরেই রেলক্রসিং এলাকা। এখানে ফুটপাতের পরই নালার শুরু। একটু অন্যমনস্ক হলেই নালায় পড়ার ঝুঁকি আছে। একটু এগোলে ওয়্যারলেস এলাকায় এসে দেখা যাবে, ফুটপাতের ওপর বসিয়ে দেওয়া হয়েছে বড় একটি ডাস্টবিন। রাতের বেলা এই সড়ক ধরে হেঁটে যাওয়া খুবই বিপজ্জনক বলে জানালেন এলাকাবাসী।
খুলশীতে অবস্থিত পুলিশের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে কর্মরত আবদুল আলীম জানান, গত মঙ্গলবার এক মহিলা পথচারী এখানকার ফুটপাতের খোলা স্ল্যাব দিয়ে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছিলেন।
খুলশী ২ নম্বর সড়কের মুখে চায়ের দোকান চালান আমীর হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘কিছুদিন অন্তর এখানে ফুটপাতের ভাঙা স্ল্যাবে পড়ে আহত হচ্ছে পথচারীরা। রাতের বেলা এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটে।’ খুলশী এলাকার নিরাপত্তাপ্রহরী আবদুস সামাদ বলেন, ‘আগে কোনো স্ল্যাব ভেঙে গেলে সিটি করপোরেশনের লোকেরা এসে ঠিক করে দিয়ে যেত। কিন্তু ছয় মাস ধরে এ স্ল্যাবগুলো ভাঙা পড়ে থাকলেও দেখার কেউ নেই।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দুই বছর আগে জাকির হোসেন সড়কের ফুটপাত সংস্কার করা হয়েছিল। মাস খানেক পর বৃষ্টি থেমে গেলে নতুন করে সংস্কার করা হবে।