ফুটপাত নেই পথচারীর দখলে

রাস্তায় গাড়ির ভিড়ে পথচারীদের নিরাপদে হাঁটার জায়গা ফুটপাত। কিন্তু রাজধানীর ফুটপাতগুলোর বেশির ভাগই পথচারীদের অধিকারে নেই। নানাভাবে দখলে চলে গেছে।
নগরের ফুটপাতে পথচারীদের বদলে দোকানের সারি ও ময়লার স্তূপ। চা-শিঙাড়ার দোকান, নানা পসরার ভ্রাম্যমাণ দোকান, ছিন্নমূল মানুষের পলিথিনের ছাপরাঘর, রিকশাভ্যানে দোকান। গাড়ি পার্কিংয়ের জায়গা হিসেবেও ব্যবহূত হচ্ছে ফুটপাত। আর পথচারীরা ঝুঁকি নিয়ে গাড়ির ভিড়ে রাস্তায় হাঁটছেন।
ফার্মগেটের সেজান মার্কেটের সামনে ফুটপাতে পা ফেলার জো নেই। একদিকে ভারী গাড়ির চলাচল ও পার্কিং জোন, অন্যদিকে ফুটপাতে দোকানের ভিড়। ঠেলাগাড়ির ওপরে পোশাক ও রোদচশমার ভ্রাম্যমাণ দোকানের পাশ দিয়ে যেতে যেতে পথচারী কামাল হোসেন বলেন, ১১ বছর ধরে এই রাস্তা দিয়ে হেঁটে অফিসে যান। ‘দিন দিন হাঁটার জায়গা কমছে। প্রশাসনও এটা জেনেও চুপ করে আছে’ বলে অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন বলেন, ‘এলাকার চিহ্নিত প্রভাবশালী রাজনীতিবিদদের সহায়তায় সিটি করপোরেশন ফুটপাত কেনাবেচা করে। এটি পথচারীদের দখলে নেই।’
কারওয়ান বাজারে প্রধান সড়কের দুই পাশের ফুটপাত রাতে ভাসমান মানুষের ঠিকানা। আর দিনে দোকানের গুদাম হিসেবে ব্যবহূত হয়। পান্থপথের দুই পাশের ফুটপাতজুড়ে আসবাবের দোকান। গ্রিন রোডের ফুটপাতে চায়ের দোকান ও সবজির টুকরি। চা-বিক্রেতা সেলিম জানান, ফুটপাতে দোকানের জন্য দিনপ্রতি ভাড়া দেন ৫০ টাকা। ‘কে টাকা নেয়?’ জবাব, ‘নাম কমু না। কইলে দোকান উঠায়া দিব।’
ধানমন্ডির ২৭ নম্বর প্রধান সড়কের ফুটপাতে সন্ধ্যার পর কিছুটা হাঁটা গেলেও দিনে সেখানে মোটরসাইকেলের ভিড়। সঙ্গে খাবারের ভ্রাম্যমাণ দোকান। পুলিশ এলে হকাররা পালান, পুলিশ গেলে আবার ফিরে আসেন। ছায়ানটের সামনের সড়কের ফুটপাতের টাইলস ভাঙা, গর্ত হয়ে গেছে জায়গায় জায়গায়। তার মধ্যে চা-শিঙাড়ার দোকান।
বাণিজ্যিক এলাকা মতিঝিলের দিলকুশা ডাকঘরের সামনের সড়ক, শাপলা চত্বরের চারপাশে ফুটপাতে ফল-সবজির দোকান, তার সামনে সারি সারি গাড়ি পার্কিং। শাহবাগের মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত ফুটপাতে নানা ধরনের দোকান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী রাফিউল ইসলাম জানান, প্রায়ই নীলক্ষেত থেকে ফুটপাত দিয়ে হেঁটে যান। কিন্তু ফুটপাতের বেশির ভাগ ভাঙা।
মিরপুর ১-এর ফুটপাতজুড়ে শাকসবজি ও ফলের ভ্রাম্যমাণ দোকান। এর মধ্যে দু-একটি স্থায়ীও বটে। মিরপুর ২ নম্বরে সনি সিনেমা হলের ফুটপাত ঠাসা বিভিন্ন ধরনের তৈরি পোশাকের দোকানে। মিরপুর ১০-এর প্রধান সড়কে গাড়ি পার্কিং ও পোশাকের ভ্রাম্যমাণ দোকানের ভিড়ে ফুটপাত হারিয়ে গেছে। কল্যাণপুরের ফুটপাত ময়লার ডাস্টবিনের দখলে। বিজয় সরণি মোড়ের ফুটপাত ভাসমান মানুষের ব্যবসার পণ্যসামগ্রীর গুদাম ও অস্থায়ী বাসস্থান। এই রাস্তায় রাতেরবেলা ছিনতাইও হয়।
পথচারী পারভীন আরা বেগম বলেন, ‘এই রাস্তা দিয়ে সন্ধ্যাবেলায় হাঁটতে ভয় লাগে।’
রাজধানীর শ্যামলী ও মোহাম্মদপুরের প্রায় সব ফুটপাতে দোকান ও সবজিভ্যানের সারি। টাউন হলের সামনের রাস্তায় ফার্নিচার ও খাবারের হোটেল। পশ্চিম পাশে ফুটপাতে দোকান ছাড়াই বিক্রি হচ্ছে আসবাব। এ জন্য দোকান ভাড়া দিতে না হলেও প্রতিদিনই চাঁদা দিতে হয়। এক আসবাব ব্যবসায়ী জানান, দোকান শুরুর আগে ১০ হাজার টাকা দিয়ে ফুটপাতে বসতে হয়। ব্যবসার জন্য পুলিশকে কিছু টাকা দিতে হয়। ব্যবসার সুবিধার্থে পশ্চিম পাশের রাস্তাটিতে আড়াআড়িভাবে ময়লার বড় কনটেইনার ফেলে রাখা আছে। এতে করে রাস্তায় গাড়ি চলাচলের পথ সংকীর্ণ হওয়ায় ফুটপাতের ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ হোসেন প্রথম আলোকে বলেন, প্রতি শুক্রবার রাস্তা থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে। এর পরও আবার বসে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।