ফুটপাত পেরিয়ে লেকের ওপরও দোকান

সিটি করপোরেশন নির্বাচনের পর পাঁচ মাস না পেরোতেই ফুটপাতে চাঁদাবাজিসহ লেক দখল করে ব্যবসায় সহযোগিতার অভিযোগ উঠেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফছার উদ্দিনের বিরুদ্ধে। এসব কাজে পুলিশ তাঁদের সহযোগিতা করছে বলেও খোদ আওয়ামী লীগের একাধিক স্থানীয় নেতা প্রথম আলোকে বলেছেন।
উত্তরার ১৮টি সেক্টর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত। তবে ১৫ থেকে ১৮ নম্বর সেক্টরের বাসিন্দারা সিটি করপোরেশনের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান না। আয়তনে উত্তর সিটি করপোরেশনের সবচেয়ে বড় ওয়ার্ড এটি। এই ওয়ার্ডের জসীমউদ্দীন, রাজলক্ষ্মী, আজমপুর ও হাউস বিল্ডিং বাসস্ট্যান্ড এলাকা উত্তরার ব্যস্ততম স্থানগুলোর অন্যতম। আর এসব বাসস্ট্যান্ডকে ঘিরেই অসংখ্য হকার এখানে দোকানপাট দিয়েছেন। কাপড় থেকে শুরু করে ফলমূল, তরকারি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ এমন কোনো জিনিসের ব্যবসা নেই, যা এখানে হয় না।
তবে রাস্তার ওপর, পাশে কিংবা ফুটপাতে ব্যবসার জন্য হকারদের এককালীন টাকা দিতে হয়। এর পরিমাণ ১০ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত। তবে এই টাকার লেনদেন নিয়ে কেউ মুখ খুলতে রাজি হননি। আর দৈনিক ৪০ থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা আছেই।
উত্তরার রাজলক্ষ্মী মার্কেট এলাকায় গত বৃহস্পতিবার জান্নাতুন নাঈম প্রথম আলোকে বলেন, উত্তরা এলাকায় ফুটপাত বলতে কিছু নেই বললেই চলে। দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বাচ্চাদের নিয়ে তাঁদের সড়কের ওপর দিয়েই চলাফেরা করতে হয়।
উত্তরা থানা আওয়ামী লীগের অন্তত দুজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচনের পরপরই আফছার উদ্দিনের লোকেরা ফুটপাতের দোকানপাটের নিয়ন্ত্রণ নেন। এখন মূলত তাঁরাই ফুটপাত থেকে চাঁদা তোলেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে উত্তরা ১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, নির্বাচনের আগে ওয়ার্ড কাউন্সিলর উত্তরার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এর পাঁচ মাস অতিবাহিত হলেও এ কাজে ছিটেফোঁটা অগ্রগতিও তাঁদের চোখে পড়েনি। বরং পুলিশ ও রাজনৈতিক লোকেরা মিলে হকারদের কাছ থেকে চাঁদা নিয়ে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার কথা তাঁরা প্রায়ই শোনেন।
উত্তরা ১ নম্বর সেক্টরের ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন দেশের বাইরে থাকায় এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা যায়নি। তবে এই ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ পারভীন বলেন, ওয়ার্ড কাউন্সিলরের লোকেরা চাঁদাবাজি করছেন কি না, তা জানা নেই।
এ প্রসঙ্গে জানতে চাইলে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, তাঁর থানা এ ধরনের কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত না। অন্য কেউ জড়িত থাকলে তাঁর জানা নেই। উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খানও বলেন, তাঁর থানার পুলিশ এ ধরনের কোনো কাজের সঙ্গে জড়িত না।
ফুটপাত দখল ছাড়াও উত্তরা ৯ নম্বরে সেক্টরে লেকের ওপর বাঁশ দিয়ে ৫০টিরও বেশি ঘর তুলে ফার্নিচারের ব্যবসা চলছে বেশ কিছুদিন ধরে। বিএনপি ও আওয়ামী লীগের লোকজন এখানে ব্যবসা করেন। স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের নিজের এলাকা। তাঁকে ‘ম্যানেজ’ করেই এখানে লেকের ওপর ফার্নিচারের দোকানপাট দেওয়া হয়েছে।