রাজধানীর সড়ক, অলিগলি ও ফুটপাত প্রতিবন্ধকতামুক্ত করতে গতকাল রোববারও অভিযান চালিয়েছে বিভিন্ন থানার পুলিশ। গতকাল গুলশান, মিরপুর, গুলিস্তান ও পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে পুরান ঢাকার সৈয়দ নজরুল ইসলাম সরণির লুত্ফর রহমান লেনে পুলিশের সঙ্গে এক ব্যবসায়ীর হাতাহাতি হয়। এ ঘটনায় ওই এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) ওয়ালিদ হোসেন প্রথম আলোকে বলেন, পুরো রাজধানীতে এ অভিযান চালানো হয়েছে। কোথাও বড় ধরনের কোনো সমস্যা হয়নি। রাজধানীর সড়ক, অলিগলি ও ফুটপাত প্রতিবন্ধকতামুক্ত করতে গত শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ পাঠানো হয়। এতে শনিবারের মধ্যে সব রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ নির্মাণসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া যেসব স্থানে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হকারেরা মালামাল বিক্রি করেন, সেসব স্থান থেকে হকারদের উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ পাওয়া গেছে, অনেক এলাকায়ই এখনো অভিযান চালানো হয়নি। যেমন কাজীপাড়া বাসস্ট্যান্ডের উত্তরদিকে রাস্তার পাশে থাকা একটি দলের কার্যালয় গতকালও উচ্ছেদ হয়নি। তবে কাফরুল থানার ওসি দেলোয়ার আহমদ প্রথম আলোকে বলেন, ওই এলাকায় অভিযান চলেছে। বিভিন্ন সূত্র জানায়, পুরান ঢাকার লুত্ফর রহমান লেনে গতকাল বিকেল পৌনে তিনটার দিকে মামুন আয়রনের শ্রমিকেরা রাস্তায় ট্রাক রেখে মালামাল ওঠাতে থাকেন। পুলিশ তা বন্ধের নির্দেশ দিলেও শ্রমিকেরা মানেননি।