ফুটপাত বন্ধ, পথচারী সড়কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্মগেটে পদচারী–সেতু নির্মাণের জন্য ফুটপাত খুঁড়ে রাখা হয়েছে। তাই পথচারীরা মূল সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন l প্রথম আলো
ফার্মগেটে পদচারী–সেতু নির্মাণের জন্য ফুটপাত খুঁড়ে রাখা হয়েছে। তাই পথচারীরা মূল সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন l প্রথম আলো

ফুটপাতে গভীর গর্ত। ফুটপাত খোঁড়া মাটি ও ইট রাখা হয়েছে ফুটপাতে। এ কারণে ফুটপাত দিয়ে হাঁটার কোনো উপায় নেই। তাই পথচারীরা বাধ্য হচ্ছে ব্যস্ত সড়ক দিয়ে চলতে।

ফার্মগেটে আনন্দ সিনেমা হলের মোড় থেকে সোনারগাঁও হোটেলমুখী কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পশ্চিম পাশের একাংশের চিত্র এটি।

পদচারী-সেতু নির্মাণের জন্য খোঁড়া হয়েছে গর্তগুলো। তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের এই পদচারী-সেতু নির্মাণকাজ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু ১৭ ডিসেম্বর পর্যন্ত এর কাজ শেষ হয়েছে মাত্র ২০ শতাংশ।

পদচারী–সেতু নির্মাণের জন্য এভাবে খুঁড়ে রাখা হয়েছে ফুটপাত। গত রোববারের ছবি l প্রথম আলো
পদচারী–সেতু নির্মাণের জন্য এভাবে খুঁড়ে রাখা হয়েছে ফুটপাত। গত রোববারের ছবি l প্রথম আলো

গত রোববার দেখা যায়, নির্মীয়মাণ পদচারী-সেতুর পশ্চিম প্রান্তে ফুটপাত বন্ধ থাকায় পথচারীরা মূল সড়ক দিয়ে হাঁটছে। পথচারীদের প্রায় গা ঘেঁষে দ্রুতগতিতে যাচ্ছে যানবাহন।

ফুটপাত দিয়ে হাঁটতে না পেরে সড়ক দিয়ে হেঁটে যেতে দেখা যায় শাহনাজ বেগমকে। তিনি বলেন, ‘রাস্তায় বাস যে গতিতে আসে, পেছন থেকে ধাক্কা দিলেও কিছুই করার নেই।’

বন্ধ ফুটপাতের এক কোণে ঝুড়িতে করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন বায়েজিদ হোসেন। তিনি বলেন, ১৪ ডিসেম্বর রাতে মূল সড়ক দিয়ে হাঁটার সময় একটি শিশুর পায়ে মোটরসাইকেলের চাকা লেগে যায়। এতে শিশুটি আহত হয়। এর সপ্তাহখানেক আগে একজন বৃদ্ধ সড়ক থেকে ফুটপাতে উঠতে গিয়ে পড়ে যান।

বায়েজিদ হোসেন বলেন, ‘এই অংশে পথচারীদের হাঁটার জন্য প্লাস্টিকের ডিভাইডার দিয়ে সরু একটি পথ করে দেওয়া হয়েছিল। কিন্তু কেউ সেটা নিয়ে গেছে। এখন মূল সড়কেই পথচারীরা হাঁটে।’

দেখা যায়, উড়ালসড়কের পূর্ব অংশে মাটির নিচে ভিত্তি গড়ার কাজ শেষ। এই অংশে শ্রমিকদের সাময়িকভাবে থাকার জন্য ফুটপাতে টিনের ছোট্ট ঘর দেওয়া হয়েছে। শ্রমিকেরা বলেন, পূর্ব অংশের মাটির নিচের কাজ আপাতত শেষ। পশ্চিম অংশের নিচের কাজ শেষ হতে সময় লাগবে।

বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) পদচারী-সেতু নির্মাণের কাজ করছে। এ কাজের সার্বিক তত্ত্বাবধানে আছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) মো. সাইদুর রহমান বলেন, পদচারী-সেতুর কাজ ৩০ ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ করা যাবে না। পশ্চিম অংশে মাটির নিচে পয়োনিষ্কাশনের লাইন আছে। এ ছাড়া বিদ্যুতের লাইনও আছে। এগুলো সরিয়ে কাজ করতে হবে। এ জন্য মাটির নিচের ফাউন্ডেশনের কাজ করতে দেরি হচ্ছে। অনেক সাবধানতার সঙ্গে কাজটা করতে হচ্ছে। তবে পূর্ব অংশের ফাউন্ডেশনের কাজ হয়ে গেছে।

মো. সাইদুর রহমান আরও বলেন, ৩০ জানুয়ারির মধ্যে পদচারী-সেতুটি নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। তিনি বলেন, প্রথম ২০ শতাংশ কাজ হতেই বেশি সময় লাগে। কারণ নিচের কাজেই বেশি সময় লাগে। এরপর ৮০ ভাগ কাজ দ্রুত শেষ হয়ে যাবে। ওপরে ব্রিজ তৈরির কাজে বেশি সময় লাগবে না।

মেট্রোরেলের কাজের সময় পদচারী-সেতুর কোনো সমস্যা হবে কি না, এই প্রশ্নের জবাবে সাইদুর রহমান বলেন, ‘আমি এই কাজে এসেছি এক মাস হলো। আগে যাঁরা এই দায়িত্বে ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলে জেনেছি, মেট্রোরেলের কাজ শুরু হলে এই পদচারী-সেতুর কোনো সমস্যা হবে না। হিসাব করেই নকশা করা হয়েছে।’ তিনি বলেন, ফুটপাতের যে অংশ কাটা হয়েছে, তা পদচারী-সেতু তৈরির পর সিটি করপোরেশনের পক্ষ থেকে আবার ঠিক করে দেওয়া হবে।

প্রকৌশলী সাইদুর রহমান বলেন, পথচারীদের হাঁটার পথে এখন একটু ঝুঁকি থাকবে। বিকল্প আর কোনো জায়গাও দেখছি না। এ সপ্তাহেই একটি সিদ্ধান্ত নিয়ে এই পথের একটা সমাধান করা হবে।