ফুটপাত বেদখল দুর্ভোগে পথচারী
বগুড়ার শেরপুর পৌর শহরের মধ্য দিয়ে যাওয়া মহাসড়কটির ফুটপাত দখল করে ফেলে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। এ ছাড়া ফুটপাতের ওপর দোকানের বিক্রয়পণ্য রেখে দৈনন্দিন ব্যবসা চালিয়ে যাচ্ছেন একশ্রেণির ব্যবসায়ীরা। এভাবে ফুটপাত অবৈধভাবে দখল হয়ে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।
গত ৩০ মার্চ সরেজমিনে দেখা যায়, শহরের তুলপট্টি থেকে ধুনট রোড পর্যন্ত এক কিলোমিটারজুড়ে মহাসড়কের পূর্ব ও পশ্চিম দিকে ফুটপাতের পুরো অংশই অবৈধ দখলে চলে গেছে। এই অংশজুড়ে ফুটপাতের ওপর ফেলে রাখা হয়েছে বাণিজ্যিকভাবে বহুতল ভবন তৈরির নির্মাণসামগ্রী, বিভিন্ন দোকানের স্যানিটারিসামগ্রী, ওয়েল্ডিং মেশিনের যন্ত্রপাতি, নছিমন (ভটভটি) তৈরির কারখানাসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের বিক্রয়পণ্য। এ ছাড়া উপজেলা পরিষদের সামনে থেকে উত্তরে হাজিপুর পর্যন্ত মহাসড়কের দুই পাশে বালু, পাথরকুচি ও করাতকলের গাছের গুঁড়ি ফেলে রাখায় পথচারীদের চলাফেরা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় এক শিক্ষার্থীর অভিভাবক সাইদুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের সামনেসহ শহরের একাধিক স্থানে বিক্রির জন্য ফেলে রাখা বালুর পাশ দিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে চলন্ত গাড়ির বাতাসে বালুকোণা চোখে ঢুকে অহেতুক কষ্টে পড়তে হয়। স্থানীয় একটি কলেজের ছাত্রী বলেন, স্থানীয় বাসস্ট্যান্ডের ফুটপাত কিছু ব্যবসায়ীর দখলে চলে যাওয়ায় মহাসড়কের ওপর দিয়ে চলাফেরায় তাঁদের জীবনহানির ঝুঁকিতে পড়তে হয়।
ভুক্তভোগী পথচারীদের অভিযোগ, ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে পৌর কর্তৃপক্ষ মাঝেমধ্যে মাইকিং করে থাকে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। ২০১২ সালের পর থেকে আর কোনো অবৈধ উচ্ছেদ অভিযান চালায়নি পৌর কর্তৃপক্ষ। অপরদিকে উপজেলার মহাসড়ক দেখভালকারী সরকারি প্রতিষ্ঠান বগুড়ার সড়ক ও জনপথ বিভাগ (সওজ), এমনকি স্থানীয় উপজেলা প্রশাসনকেও ফুটপাত দখলমুক্ত করতে তেমন উদ্যোগ নিতে তাঁরা দেখেননি।
এ প্রসঙ্গে কথা বলতে গেলে বগুড়ার সওজের বিভাগীয় উপসহকারী প্রকৌশলী কামরুল হাসান বলেন, ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে মূলত দায়িত্ব পালন করে থাকে স্থানীয় উপজেলা প্রশাসন। অপরদিকে শেরপুর পৌরসভার সচিব দিলীপ কুমার মহন্ত স্বীকার করেন, ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে পৌর কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরে মাইকে প্রচার কোনো উপকারে আসেনি।
শেরপুর শহর পুলিশ ফাঁড়ির এএসআই সাজ্জাদ হোসেন বলেন, শহরের মহাসড়ক এলাকায় ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে তাঁরা যথেষ্ট আন্তরিক। তবে স্থানীয় কিছু প্রভাবশালীর চাপে ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হচ্ছে না।
শেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মতিউর রহমান বলেন, গত পাঁচ বছরে ফুটপাতের পাশ দিয়ে চলাফেরার সময় দূরপাল্লার যানবাহনের চাপায় সাতজনের প্রাণহানির ঘটনাসহ কমপক্ষে ৩০ জন গুরুতর আহত হয়েছেন। ফুটপাত অবৈধ দখলে চলে যাওয়ার কারণে এভাবে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
শহরের বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণাধীন বহুতল বাণিজ্যিক ভবনের তত্ত্বাবধানকারী নূরুল ইসলাম বলেন, স্থানীয় বাসস্ট্যান্ডের ফুটপাতের পাশে তাঁরা বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন। তিনি স্বীকার করেন, তাঁদের এই ভবনের নির্মাণসামগ্রী ফুটপাতের ওপর ফেলে রাখা ছাড়া অন্য কোনো জায়গা নেই। এ কারণে পথচারীদের কিছুটা দুর্ভোগ বেড়েছে।
স্থানীয় বাসস্ট্যান্ড ব্যবসায়ী সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম বলেন, শহরের মহাসড়ক এলাকায় ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করতে তাঁরা স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার অনুরোধ করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।
ইউএনও এ কে এম সরোয়ার জাহান বলেন, তিনি শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।