কবি তুষার কর রামেরদিঘির পাড় এলাকার বাসিন্দা। প্রতিদিন সন্ধ্যাবেলা তিনি হাঁটার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। মির্জাজাঙ্গাল এলাকা হয়ে জিন্দাবাজার পর্যন্ত যে ড্রেনটি রয়েছে, তার ওপর পাকা ঢাকনা ব্যবহার করে ফুটপাতসদৃশ চলাচলের জন্য যে রাস্তাটি তৈরি করা হয়েছে, তা মাড়িয়েই তিনি পথ চলেন। তবে বছর খানেক ধরে এই ঢাকানাগুলো ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় তাঁর পথচলায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পা চালাতে একটু এদিক-সেদিক হলেই ছোটখাটো দুর্ঘটনারও মুখোমুখি হতে হচ্ছে। শুধু তুষার কর নন, এই রাস্তা দিয়ে হেঁটে প্রতিদিন কয়েক শ মানুষ চলাফেরা করে। কিন্তু দীর্ঘদিন ধরে এই ঢাকানাগুলো ভেঙে নড়বড়ে অবস্থায় পড়ে থাকলেও কর্তৃপক্ষ এসব ঢাকনা পুনরায় সংস্কার করতে কোনো উদ্যোগ গ্রহণ করছে না বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। সমাজ অনুশীলন সিলেটের সদস্যসচিব মুক্তাদীর আহমদ বলেন, ‘রাস্তার দুই পাশের ড্রেনগুলোর ওপরের ঢাকনাগুলোকে মানুষজন ফুটপাত হিসেবে ব্যবহার করে আসছে। গুরুত্বপূর্ণ এই ফুটপাত ধরে প্রতিদিন অনেক মানুষ হেঁটে চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে ঢাকনাগুলো ভেঙে পড়ে থাকলেও কর্তৃপক্ষ উদাসীন। ফলে এখান দিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘এই রাস্তা ছাড়া হাঁটার বিকল্প কোনো পথ না থাকায় বাধ্য হয়েই মানুষজনকে এই ফুটপাত মাড়িয়েই চলাফেরা করতে হয়। ফলে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে।’ মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা শাহীনুর রব বলেন, ‘সেদিন ওই ফুটপাত দিয়ে আমার বৃদ্ধা মাকে নিয়ে হেঁটে এক আত্মীয়র বাসায় যাচ্ছিলাম। হঠাৎ একটি ভাঙা স্থানে মায়ের পা আটকে ড্রেনের ভেতরে ঢুকে পড়ে। মাকে সেই অবস্থা থেকে উদ্ধার করে আত্মীয়র বাসায় যাওয়ার পরিবর্তে হাসপাতালে নিয়ে যাই।’ সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত প্রথম আলোকে বলেন, ‘জিন্দাবাজার থেকে মির্জাজাঙ্গাল পর্যন্ত বেশ কয়েকটি স্থানে ড্রেনের ঢাকনা ভেঙে পড়েছে। তবে এই ফুটপাতটি শুধু আমার ওয়ার্ডেই নয়, আরও তিনটি ওয়ার্ডে পড়েছে। আমার ওয়ার্ডে যতটুকু পড়েছে, সেগুলোর স্ল্যাব ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। শিগগিরই সেগুলো বসানোর কাজ শুরু হবে। এ কাজ শেষ হলে মানুষজন দুর্ভোগ থেকে মুক্তি পাবে।’