ফুটপাত মুক্ত করতে হকার উচ্ছেদ

মতিঝিল, দিলকুশা, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম ও পল্টনে ফুটপাত এবং সড়ক থেকে অবৈধ আড়াই শতাধিক দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। উচ্ছেদ অভিযান চলাকালে ডিএসসিসির একটি পে-লোডার ও পিকআপের কাচ ভাঙচুর করেছেন হকাররা।
গতকাল রোববার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন। আজ সোমবার বেলা ১১টায় ডিএসসিসির নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।
৮ জানুয়ারি নগর ভবনে হকারদের বিভিন্ন সংগঠন ও পুলিশের সঙ্গে বৈঠক করেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। এ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল রোববার থেকে সাপ্তাহিক কর্মদিবসে গুলিস্তান ও আশপাশের এলাকায় দিনের বেলা হকার বসা নিষেধ। তবে সন্ধ্যা সাড়ে ছয়টার পরে তাঁরা ব্যবসা করতে পারবেন। কিন্তু গতকাল হকাররা আবার ফুটপাতে দোকান নিয়ে বসায় এ অভিযান চালায় ডিএসসিসি। আজ সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান ও ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালানো হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, শহরের ফুটপাত পথচারীবান্ধব না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।
গতকাল বেলা ১১টায় পূর্ব ঘোষণা অনুযায়ী মতিঝিল শাপলা চত্বরে অভিযান চালায় ডিএসসিসি। এ সময় মতিঝিল রোডের দক্ষিণ পাশের ফুটপাত থেকে পে-লোডার দিয়ে মালামালসহ অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে দিলকুশা ও দৈনিক বাংলা মোড় এলাকার ফুটপাত থেকে আরও ৫০টি দোকান উচ্ছেদ করা হয়।
বেলা দেড়টার দিকে জাতীয় ক্রীড়া পরিষদ ও বায়তুল মোকাররমের উত্তর ফটকের ফুটপাত এবং পশ্চিম পাশের সড়কে অভিযান চালানো হয়। এ এলাকা থেকে শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। হকারদের ব্যবহৃত চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাব পে-লোডার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রতিবাদে ডিএসসিসির একটি পে-লোডার ও পিকআপে ইটপাথর ছোড়েন কয়েকজন হকার। এতে পে-লোডার ও পিকআপের কাচ ভেঙে যায়। কিন্তু কেউ হতাহত হয়নি। পরে হকারদের ধাওয়া করেন পুলিশ। বেলা আড়াইটার দিকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), আজাদ প্রোডাক্টসের গলি ও পল্টন মোড়ের আশপাশের এলাকায় উচ্ছেদ শুরু হয়। বাসসের সামনে দোকান রক্ষায় এক হকার পে-লোডারের সামনে গিয়ে শুয়ে পড়েন। পুলিশ তাঁকে আটক করে। আরেক হকার তাঁকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তাঁদের দুজনকে লাঠিপেটা করে পুলিশ। এতে হকাররা একত্র হয়ে উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ করলে ওই দুজনকে ছেড়ে দেওয়া হয়৷
সফিউল আলম নামের এক হকার অভিযোগ করেন, ডিএসসিসির ঘোষণা অনুযায়ী দিনের বেলা তাঁর দোকান খোলা ছিল না। কিন্তু তারপরও তাঁর দোকান মালামালসহ ভেঙে দেওয়া হয়েছে।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ, খান মোহাম্মদ নাজমুস শোয়েব ও মামুন সরদার।
বিভিন্ন সংগঠনের প্রতিবাদ ও নিন্দা: পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, দোকানপাট ভাঙচুর ও পুলিশের মারধরের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হকার সমন্বয় পরিষদ, বাংলাদেশ হকার্স ইউনিয়ন ও বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ।
ছাত্র ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মতিঝিলে অভিযানের সময় হকারদের পক্ষ হয়ে উচ্ছেদে বাধা দেন ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জি এম রাব্বী। এ সময় তাঁকে পুলিশ লাঠিপেটা করে।