ফুটপাত সবার, শুধু পথচারীর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পথচারীদের নিরাপদ চলাচলের জন্য আছে ফুটপাত। তবে পথচারীদের ফুটপাতে নিরাপদে হাঁটাচলার এই অধিকারের কথা শুধু কেতাবেই লেখা আছে, বাস্তবে নেই। ফুটপাতের ওপর দোকান বসে, আবাসন প্রতিষ্ঠানগুলো স্তূপ করে রাখে ইট-পাথর-বালু, মোটরসাইকেল চলে, কখনো কখনো গাড়ি দাঁড়ানো থাকে। প্রতিদিন মানুষ যেন জীবন হাতের মুঠোয় নিয়ে চলাফেরা করে। অনেকের কাছে প্রতিদিন বাড়ি ফেরাটা অলৌকিক ব্যাপার।

২০১১ সালের ১৬ জুলাইয়ের একটি ঘটনা। আর সব দিনের মতোই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হাবিবুর রহমান রাজধানীর পান্থপথের ফুটপাত ধরে বাড়ির পথে এগোচ্ছিল। নির্মাণাধীন ভবন থেকে হঠাত্ তার মাথায় এসে পড়ে ইট। প্রাণ হারায় হাবিবুর।

ঢাকা সিটি করপোরেশনের প্রবিধান, মোটরযান আইন, ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ কোনো কিছুই রক্ষা করতে পারেনি হাবিবকে বা হাবিবের মতো পথচারীদের। ঢাকার কোথাও না কোথাও প্রতিদিন গড়ে একজন পথচারী প্রাণ হারাচ্ছে। ফুটপাতগুলো দখল হয়ে যাওয়ায় পথচারীরা রাস্তায় নেমে আসছে, তারা দুর্ঘটনার শিকার হচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে, মারা যাচ্ছে।

অভিযোগ আছে, আইনপ্রয়োগকারী সংস্থাগুলো মাসোহারার বিনিময়ে ফুটপাত ভাড়া দিচ্ছে। কোথাও কোথাও বাণিজ্য করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগ, কোথাও আবার ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তাদের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, পথচারীদের যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য পুলিশ সব সময় তত্পর থাকে। শুধু সিটি করপোরেশন যেখানে অনুমোদন দেয়, সেখানেই পুলিশ দোকানপাট বসতে দেয়। তবে পুলিশকে মানবিক ও আইনগত দিক বিবেচনা করতে হয়।

ঢাকার ফুটপাতগুলো পথচারীদের জন্য উপযুক্ত রাখার দায়িত্ব ঢাকা সিটি করপোরেশনের। ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) প্রশাসক বজলুল ইসলাম বলেন, তাঁরা নিয়মিত উচ্ছেদ অভিযান চালাচ্ছেন। ফুটপাতের ওপর নির্মাণসামগ্রী রাখার জন্য মামলা-মোকদ্দমা করছেন। তবে, তাঁদের ম্যাজিস্ট্রেট মাত্র একজন। একজনকে দিয়ে গোটা ঢাকা শহরের ফুটপাত দখলমুক্ত করা সম্ভব না।

একটি ফুটপাতের কাহিনি

এশীয় উন্নয়ন ব্যাংকের গবেষণা ‘ঢাকাস বিআরটি ওয়াকেবিলিটি স্ট্রাটেজি’ অনুযায়ী ঢাকার মোট সড়কের পরিমাণ ১২৯৩ কিলোমিটার। এর মধ্যে ফুটপাতের পরিমাণ মাত্র ৪০০ কিলোমিটার। সে হিসাবে রাসেল স্কয়ার থেকে পান্থপথ পর্যন্ত এক কিলোমিটার সড়কটি পথচারীদের প্রিয় হওয়ার কথা। এই সড়কের দুই ধারে রয়েছে টানা ফুটপাত। কিন্তু কোনো পথচারী এক নাগাড়ে পাঁচ মিনিট এ ফুটপাতে হাঁটতে পারে না। একদিকে ১০টি দোকান, অন্যপাশে আরও প্রায় ১২-১৪টি।

বউবাজার লাগোয়া ফুটপাতে এমন একটি হোটেলের মালিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ এলাকায় দোকান বসাতে শ্রমিক লীগের অনুমতি লাগে। আর প্রতিদিন তাঁকে ১২০ টাকা চাঁদা দিতে হয় পুলিশকে।’ সম্প্রতি চাঁদাবাজদের তালিকায় যোগ হয়েছে ঢাকা সিটি করপোরেশন। করপোরেশন তাঁর হোটেলের সামনে একটি স্থানান্তরযোগ্য ডাস্টবিন বসিয়েছে। সেটা সরানোর জন্য এক হাজার টাকা চাঁদা দিয়েছেন। মাসোহারা দিলে স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।

ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শেখ জাভেদ ইকবাল প্রথম আলো ডটকমকে বলেন, স্থানান্তরযোগ্য ডাস্টবিন নিয়ে এমন চাঁদাবাজির ঘটনা ঘটছে বলে তাঁর জানা নেই। অনেক সময় এলাকাবাসীর অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁরা ডাস্টবিন সরান। তিনি অভিযোগ খতিয়ে দেখবেন বলে জানান।

ওই এলাকায় ফুটপাত দখলে শ্রমিক লীগের বউবাজার ইউনিটের সভাপতি সিকান্দার মিঞার নাম বলেছেন প্রায় সবাই। সিকান্দার মিঞা প্রথম আলো ডটকমকে বলেন, ‘যে য্যামনে পারে বয়। আমার ভাইগনা দ্যাখশুন করে। ফুটপাত থাইকা আমরা ট্যাকাটুকা তুলি না।’ একজন ফলবিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, ‘আমলীগ (আওয়ামী লীগ) বসতে দিছে। তাগো মিছিলে না যাইলে উপায় আছে?’

খোঁজ নিয়ে জানা যায়, যখন যে দল ক্ষমতায় থাকে, ফুটপাতগুলো তখন তার দখলে চলে যায়।   

পথচারীদের কথা আইনে আছে, পরিকল্পনায় আছে, বাস্তবে নেই

পথচারীদের অগ্রাধিকার বিষয়ে সিটি করপোরেশন আইন-২০০৯-এর তৃতীয় তফসিলের ১৯ ধারায় বলা হয়েছে, পথচারী যেন পথ চলতে বিপদগ্রস্ত না হয় এবং নিরাপদে ও অনায়াসে পথ চলতে পারে, সেজন্য করপোরেশন প্রবিধান দিয়ে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে পারবে। পথচারীদের যেন কোনো অসুবিধা না হয় সেজন্য রয়েছে মোটরযান আইন ১৯৮৩। এ আইনে অসাবধানে কিংবা বিপজ্জনকভাবে গাড়ি চালনা, প্রকাশ্য স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে জরিমানার বিধান আছে। পথচারী পারাপারের নির্ধারিত স্থানে কিংবা ঠিক পাশ দিয়ে ওভারটেকিং নিষিদ্ধ করা হয়েছে। এসব স্থানে ওভারটেক করলে ড্রাইভিং লাইসেন্স বাতিল করার কথা বলা আছে। ভুল স্থানে গাড়ি দাঁড় করিয়ে রেখে পায়ে চলা পথ বন্ধ করা, রাস্তায় বা সাধারণ মানুষ চলাচল করে এমন পথে প্রতিবন্ধকতা সৃষ্টি, কোনো পশু বা যানবাহন ভাড়া দেওয়া বা বিক্রি করার জন্য প্রদর্শন করা, যানবাহন নির্মাণ বা মেরামত করা, রাস্তার যাত্রীদের গতিরোধ করা বা রাস্তার কাছে উত্পাত ইত্যাদি ঘটানোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

দুই বছর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র উত্তরা, টঙ্গী, গাজীপুর, মিরপুর ও পুরান ঢাকার ৯৬৮টি জায়গায় একটি সমীক্ষা চালান। এই সমীক্ষার ফল ব্যবহার করা হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রকাশনায়। সমীক্ষার আওতায় আসা জনগণের কমপক্ষে ৩০ শতাংশ বলেছেন, পথচারীদের বাঁচাতে পুলিশি তত্পরতা বাড়ানো দরকার। তাঁদের প্রায় ৫১ শতাংশ বলেছেন, বেশির ভাগ গাড়িচালক বেপরোয়া গাড়ি চালান, পথচারীদের মোটেও তোয়াক্কা করেন না। সপ্তাহে অন্তত একবার মোটরবাইক ও কারের বেপরোয়া গতি ভয় ধরায় ৫৮ শতাংশ পথচারীকে।

বিভিন্ন আইনের মতো ঢাকা শহরের জন্য যখনই সড়ক উন্নয়নের যে পরিকল্পনা করা হয়েছে সেখানে পথচারীদের কথা মাথায় রাখা হয়নি। ১৯৯৫-২০১৫ সাল মেয়াদে ঢাকা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট প্ল্যান (ডিএমডিপি) রয়েছে। এই পরিকল্পনায় পথচারীদের গুরুত্বের কথা বলা হয়েছে, কিন্তু ব্যয় হয়েছে মোট বরাদ্দের ১১ শতাংশ। একইভাবে ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্ল্যান, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান ও ডিটেইল এরিয়া প্ল্যানে পথচারীদের অগ্রাধিকারের কথা বলা হয়েছে। কিন্তু সমস্যার কোনো সমাধান হয়েছে বলে পথচারীরা মনে করে না।