ফুটপাত-সড়কে ব্যবসা যানজটে জনভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটপাত ও রাস্তা দখল করে চট্টগ্রামে চলছে ব্যবসা-বাণিজ্য। কেউ কেউ রাতারাতি স্থায়ী দোকানও বানিয়ে বসেছেন। এতে সৃষ্টি হচ্ছে যানজটের। ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম ফুটপাত খালি রাখতে হকার নেতাদের সঙ্গে বৈঠক করে উদ্যোগ নিলেও কার্যত তা ভেস্তে গেছে।নগরের রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট, স্টেশন রোড, তিন পোলের মাথা এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। সবচেয়ে বেশি—প্রায় চার হাজার হকার বসেন এসব এলাকায়। হকারদের কারণে সাধারণ মানুষকে চলাফেরায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। হকাররা অবৈধভাবে বিদ্যুৎও ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখা গেছে, নিউমার্কেট ও স্টেশন রোড এলাকার দুই পাশের ফুটপাত হকারদের দখলে। ফুটপাতের পাশাপাশি সড়কেরও বড় একটি অংশ দখল করে রেখেছেন হকাররা। রাস্তা ও ফুটপাতজুড়ে বসেছে জামাকাপড় ও নানা সামগ্রীর দোকান। হকারদের কারণে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের প্রবেশমুখটি প্রায় রুদ্ধ হয়ে গেছে। মো. মহিউদ্দিন নামের এক অভিভাবক বলেন, শিক্ষার্থীরা ফুটপাত ব্যবহার করবে, তার কোনো উপায় নেই। ফুটপাত ও রাস্তাজুড়ে হকারদের দৌরাত্ম্য। তিনি আরও বলেন, হকাররা ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করার কারণে সড়কে যানজট লেগে যায়। এতে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। জহুর হকার মার্কেটের প্রবেশমুখের রাস্তায় বসা মো. মনির বলেন, ‘এখানে আমরা যুগ যুগ ধরে আছি। ঈদ উপলক্ষে বরং রাস্তা আরও ছেড়ে দিয়েছি। হকার সমিতিকে আমরা এ জন্য নিয়মিত চাঁদা দিই।’ সর্বদলীয় সমিতি: খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম নগরে অন্তত ২০ হাজার হকার রয়েছেন। নিউমার্কেট এলাকা ছাড়াও নগরের অলংকার মোড়, ইপিজেড, আন্দরকিল্লা, আগ্রাবাদ, ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাটসহ বিভিন্ন স্থানে তাঁরা ব্যবসা করেন। হকারদের মধ্যে আওয়ামী ও বিএনপিপন্থী একাধিক সংগঠন রয়েছে। ব্যবসার সুবিধার্থে ‘সম্মিলিত মেট্রোপলিটন হকার সমিতি’ নামে একটি সর্বদলীয় সমিতি গড়া হয়েছে। হকাররা বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘ম্যানেজ’ করা থেকে সবকিছু ব্যবস্থার দায়িত্ব সংগঠনের নেতাদের। এ জন্য সমিতিকে দৈনিক ২০-৩০ টাকা চাঁদা দিতে হয়। পুলিশ হকারদের কাছ থেকে মাসোহারা নেয় বলে অভিযোগ রয়েছে। সম্মিলিত মেট্রোপলিটন হকার সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, ‘রাস্তা ও ফুটপাতে হকার বসলেও তা আগের মতো নয়। রাস্তায় মানুষ চলাচলের জায়গা রেখেছি। পুলিশকে আমরা কোনো চাঁদা দিই না।’এ প্রসঙ্গে জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আবদুল্লাহ হেল বাকি বলেন, ‘এগুলো কমন অভিযোগ। কেউ সুনির্দিষ্ট অভিযোগ দিলে ব্যবস্থা নেব।’ফুটপাত ‘বিক্রি’: শুধু দখল নয়, ‘বিক্রিও’ চলছে ফুটপাত ও সড়ক। অপর্ণাচরণ বালিকা উচ্চবিদ্যালয়ের পেছনের অংশের দেয়াল ঘেঁষে স্থায়ীভাবে বসেছে ১০টি ব্যাগের দোকান। সরকারি দলের লোকজন ৯০ হাজার থেকে এক লাখ টাকায় এসব দোকান বসিয়েছেন বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, ‘আমি ৯০ হাজার টাকায় এই দোকানটি কয়েক মাস আগে কিনে নিয়েছি। যদি প্রশাসন উচ্ছেদ করে, তবে ওই টাকা ফেরত পাব না বলে আগেই জানিয়েছে।’হকার্স লীগের সাধারণ সম্পাদক নূর আহমদ চৌধুরী বলেন, ‘স্কুলের পেছনের জায়গাটা খোলা শৌচাগারের মতো ব্যবহার করা হচ্ছিল। এতে স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছিল। তাই আমরা সেখানে অস্থায়ী ১০-১২টি দোকান বসাই। এ জন্য সামান্য কিছু খরচ নেওয়া হয়েছে।’ তিনি বলেন, বিভিন্ন খরচ মেটাতে তাঁরা দোকানগুলো থেকে চাঁদা নেন। অবৈধ বিদ্যুৎ: সরেজমিনে দেখা গেছে, হকাররা অস্থায়ী মিটারের সাহায্যে বিদ্যুৎ ব্যবহার করছেন। এ ছাড়া কিছু দোকান রাস্তার খুঁটি কিংবা অন্য কোনো দোকান থেকে বিদ্যুৎ ব্যবহার করছে। ইমন নামের এক হকার জানান, বিদ্যুৎ ও অন্যান্য সুবিধার জন্য তাঁরা প্রতিদিন সমিতিকে ৩০ টাকা করে দেন। এ প্রসঙ্গে মাদারবাড়ি বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম মৃধা বলেন, ‘আমরা ছয়টি মিটারের মাধ্যমে তাঁদের বিদ্যুৎ দিচ্ছি। এর বাইরে হকাররা দু-একটি চোরাই লাইনে বিদ্যুৎ ব্যবহার করে থাকতে পারেন।’ উদ্যোগ ভেস্তে গেছে: পবিত্র রমজান মাস শুরুর আগে ৮ জুলাই সিটি মেয়র হকার নেতাদের সঙ্গে বৈঠক করে রাস্তা ও ফুটপাত উন্মুক্ত রাখতে তাঁদের সহযোগিতা চেয়েছিলেন। এ সময় হকার নেতারা সহযোগিতার অঙ্গীকারও করেছিলেন। কিন্তু তা কাজে আসেনি। বিষয়টি স্বীকার করে হকার্স লীগের সাধারণ সম্পাদক নূর আহমদ চৌধুরী বলেন, ‘আমরা হকারদের চাপে সেভাবে চলাচলের পথ উন্মুক্ত করতে পারিনি। তবে যাতে যানজট না হয়, সে ব্যাপারে পুলিশকে সহযোগিতা করছি।’সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ‘তাঁরা অঙ্গীকার করেছিলেন। কিন্তু এখন তা মানছেন না। আমরা বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করছি। এখানেও এই কার্যক্রম চালানো হবে।’