দখলের কারণে রাজধানীর ফুটপাতগুলো এমনিতেই পথচারীদের হাঁটার উপযোগী নয়। এর সঙ্গে আরেক উপদ্রব হিসেবে যুক্ত হয়েছে ফুটপাতে মূত্রত্যাগ। মূত্রত্যাগের কারণে অনেক ফুটপাত একেবারেই চলার অনুপযোগী হয়ে পড়ছে। ফলে নারী পথচারীদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে।
তবে এ অবস্থা থেকে উত্তরণে ঢাকার দুই সিটি করপোরেশন গণশৌচাগার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে আধুনিক সুবিধাসংবলিত শৌচাগার নির্মাণ শুরু হয়েছে। এই বছরের মধ্যে শতাধিক শৌচাগার নির্মাণ করা হবে বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।
আসাদ অ্যাভিনিউ থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের ফুটপাতে খানিক পরপর ভাসমান ও পথচলতি লোকজন মূত্রত্যাগ করায় দুর্ভোগে পড়তে হয় পথচারীদের। অথচ এই সড়কে আছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়। দেখা যায়, আসাদ অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনী, সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের দেয়াল ঘেঁষে ফুটপাতের অন্তত ১০ জায়গায় লোকজন প্রস্রাব করছেন। মূলত আশপাশের ভাসমান লোকজন ও রিকশাচালকেরাই এসব জায়গায় প্রস্রাব করেন।
এমন বিপত্তিকর অবস্থায় নারী পথচারীরা নাক চেপে বিরক্তি নিয়ে হেঁটে যাচ্ছেন। এক নারী পথচারী বলেন, যেখানে ইচ্ছা লোকজন প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে। ফুটপাত দিয়ে হাঁটা যায় না। বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে।
মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপোর খানিক সামনে ফুটপাতের ওপরে কোমরসমান উঁচু দেয়াল তুলে তিনটি প্রস্রাবের জায়গা বানানো হয়েছে। ছাদ ও দরজা ছাড়া এসব প্রস্রাবখানায় লোকজন প্রস্রাব করছেন। চারপাশে ছড়িয়ে পড়ছে উৎকট গন্ধ। ফলে পথচারীরা বাধ্য হয়ে নাক চেপে হাঁটছেন।
খামারবাড়ি থেকে ফার্মগেট পর্যন্ত ফুটপাতটি ভেসে থাকে মনুষ্যবর্জ্যে। দিনের বেলাতেও অনেককে পাশের উদ্যানের দেয়াল ঘেঁষে মূত্রত্যাগ করতে দেখা যায়। এই ফুটপাত ধরে যাঁরা চলেন, নাক-মুখ চেপে কোনো রকমে জায়গাটি পেরিয়ে যেতে পারলেই যেন বাঁচেন।
ফুটপাতের ভাসমান ব্যবসায়ীদের কেউ কেউ সামনের ফুটপাতে মলমূত্র ত্যাগ করেন। ফার্মগেট এলাকার সে রকম একজন ব্যবসায়ী বলেন, ‘অনেকেই তো এখানে করতেছে। পাবলিক টয়লেটে গেলে ট্যাকা লাগে। দিনে ১০-১৫ টাকা টয়লেটের লিগা খরচ করলে কেমনে হবে।’
২০১১ সালে বেসরকারি সংস্থা নগর গবেষণা কেন্দ্র পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, ঢাকায় প্রতিদিন প্রায় ৫৫ লাখ মানুষের গণশৌচাগার ব্যবহারের চাহিদা রয়েছে। দুই সিটি করপোরেশনের ৬৯টি গণশৌচাগার থাকলেও তার মধ্যে মাত্র ৪৭টি ব্যবহার-উপযোগী বলে ওই গবেষণায় বলা হয়। তবে বর্তমানে ব্যবহার-উপযোগী গণশৌচাগার এর চেয়েও কম। আর এগুলোর বেশির ভাগই নারী ও প্রতিবন্ধীদের ব্যবহার-উপযোগী নয়। এ ছাড়া শহরে আছে কয়েক লাখ ভাসমান মানুষ। যারা রাস্তার ধারে, পার্কে মলমূত্র ত্যাগ করে।
পথচারী ও ভাসমান লোকজনের ব্যবহারের জন্য বিভিন্ন এলাকায় ৩৬টি ভ্রাম্যমাণ শৌচাগার বসিয়েছিল অ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিড্স (আরবান)। গণশৌচাগারের তীব্র সংকট থাকায় এগুলো হতে পারত ভালো বিকল্প। কিন্তু এসব ভ্রাম্যমাণ শৌচাগার ব্যবহারে সব শ্রেণির মানুষ আগ্রহী হচ্ছে না।