ফুটপাতজুড়ে পসরা, লাইন ফি ১০০ টাকা
কাজল মিয়ার (ছদ্মনাম) জুতার দোকানের পাশেই সুরুজ মিয়ার (ছদ্মনাম) জিলাপির দোকান। গ্যাস সিলিন্ডারের চুলায় কড়াই চাপানো। ফুটন্ত তেলে জিলাপি ছাড়ছিলেন তিনি। সেন্টু একটু ইতস্তত করছিলেন দেখে তিনি নিজের থেকেই বললেন, ‘লুকাইন্যার কী আছে। লাইনম্যানেরে রোজ এক শো টাহা দেই। ব্যাডায় ফের সন্ধ্যায় আইয়া টাহা উডায়া লয়।’
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর থেকে পূর্ব দিকে যে সড়কটি চলে গেছে হজ ক্যাম্প পর্যন্ত, তার উত্তর পাশের পুরোটা ফুটপাত দখল করে বসেছেন কাজল-সুরুজদের মতো স্বল্প পুঁজির ব্যবসায়ীরা। দোকানের সংখ্যা দুই শতাধিক হবে। সেখানে মাছ-মাংস, মুরগি, কাঁচা তরকারি, মৌসুমি ফল থেকে শুরু করে মিষ্টির দোকান, জুতা, স্যান্ডেল, পোশাক, থালাবাসন—মিলবে সবই। ফলে ফুটপাত দিয়ে লোকজনের চলাচলের কোনো উপায় নেই।
ওদিকে বিমানবন্দর গোলচত্বর থেকে আশকোনা হয়ে দক্ষিণখানের দিকে যাওয়ার এই প্রধান সড়ক তেমন চওড়াও নয়। হজ ক্যাম্প পর্যন্ত যা একটু অবস্থা ভালো, তারপর খানাখন্দে ভরা। এক পাশ দখল করে থাকে শত শত ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার সারি। বেপরোয়াভাবে ছুটতে থাকা ইজিবাইকের যন্ত্রণায় অনেকে অতিষ্ঠ। মাসকাট ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুয়া দুই ছেলে আহকাম আকিব ও আরকান হাবিবকে নিয়ে ফিরছিলেন আফরোজা সুলতানা। তিনি বলেন, বেপরোয়া চলতে থাকা ইজিবাইকের কারণে বাচ্চারা আতঙ্কিত থাকে। অন্যদিকের ফুটপাত হকারদের দখলে। লোকজনকে বাধ্য হতে হয় সংকীর্ণ সড়কে নেমে চলাচল করতে। ফলে সারাক্ষণ তীব্র যানজট লেগে থাকে সড়কটিতে। এই যানজট এলাকাবাসীর এক স্থায়ী যন্ত্রণার কারণ।
ফুটপাতের ব্যবসায়ীরা বললেন, দোকানের জন্য লাইনম্যানকে তাঁদের প্রতিদিন এক শ টাকা করে দিতে হয়। তবে এই লাইনম্যানের নাম বলতে রাজি হননি কেউ। এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী প্রথম আলোকে বলেন, তিনি এই থানায় নতুন দায়িত্ব নিয়েছেন। লাইনম্যানের টাকা আদায়ের বিষয়টি তিনি অবগত নন।