ফুটপাতে আ.লীগ নেতার নির্বাচনী কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শহরতলির শাহপরান গেট এলাকায় ফুটপাত দখল করে স্থাপিত নির্বাচনী কার্যালয় (বাঁয়ে)। পাশেই একটি সিএনজিচালিত অটোরিকশায় একাধিক মাইক লাগিয়ে চলছে প্রচারণার প্রস্তুতি। গতকাল তোলা ছবি: প্রথম আলো
সিলেট শহরতলির শাহপরান গেট এলাকায় ফুটপাত দখল করে স্থাপিত নির্বাচনী কার্যালয় (বাঁয়ে)। পাশেই একটি সিএনজিচালিত অটোরিকশায় একাধিক মাইক লাগিয়ে চলছে প্রচারণার প্রস্তুতি। গতকাল তোলা ছবি: প্রথম আলো

আশপাশে দখল থাকলেও ফুটপাতের একটি অংশ উন্মুক্ত ছিল। সেখানেই স্থাপন করা হয়েছে নির্বাচনী কার্যালয়। এ কার্যালয়ের পাশে মাইকের একটি দোকান থেকে প্রার্থীর প্রচারণায় সিএনজিচালিত অটোরিকশায় সাঁটানো হয় মাইক। আচরণবিধি লঙ্ঘন করে ফুটপাত দখল আর প্রচারণায় একাধিক মাইক ব্যবহার হচ্ছে যে প্রার্থীর পক্ষে, তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ।
আশফাকের নির্বাচনী প্রচারণা গতকাল রোববার থেকে জোরেশোরে শুরু হয়েছে। শুরুতেই এভাবে লঙ্ঘিত হচ্ছে নির্বাচনী আচরণবিধি। একাধিক মাইক ব্যবহার ও ফুটপাত দখল করে কার্যালয় নির্মাণ করা হয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মাত্র ১০০ গজ দূরত্বে।
চতুর্থ দফায় ঘোষিত তফসিল অনুযায়ী, সিলেট সদর উপজেলায় ৩১ মার্চ ভোট গ্রহণ হবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ তৃণমূলের সভার মাধ্যমে সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান আশফাক আহমদকে এবার দল-সমর্থিত প্রার্থী ঘোষণা করা হয়। অন্যদিকে বিএনপিতে ৩ মার্চ কেন্দ্র থেকে একক প্রার্থী হিসেবে আবুল কাহের চৌধুরীর নাম ঘোষণা করা হয়। বিগত চারদলীয় জোট সরকারের আমলে আবুল কাহের জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত আবুল কাহের সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর নির্বাচন পরিচালনায় প্রধান এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আশফাক আহমদ বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আস্থাভাজন।
নির্বাচন কমিশনের নির্বাচনী আচরণবিধির ৭ নম্বর অনুচ্ছেদে প্রার্থীর প্রচারণাসংক্রান্ত বিধিতে বলা হয়েছে, ফুটপাত ছাড়াও জনদুর্ভোগ সৃষ্টি করে এমন জায়গায় কার্যালয় করা যাবে না। এ ছাড়া প্রার্থীর প্রচারণায় একটি মাইক ব্যবহারের কথা বলা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সিলেট-তামাবিল মহাসড়কের শাহ পরান গেট এলাকার ফুটপাতে অবৈধ স্থাপনায় বিভিন্ন দোকানপাট রয়েছে। ফুটপাতের একটি অংশ উন্মুক্ত ছিল। সেখানে তৈরি করা হয়েছে নির্বাচনী কার্যালয়। কার্যালয়ে সাঁটানো ব্যানারে আশফাক আহমদকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আশপাশ এলাকার কয়েকজন জানান, গত শনিবার রাতে কার্যালয়টি করা হয়েছে। শাহ পরান গেট এলাকা থেকে ১০০ গজ দূরত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। কিন্তু ফুটপাত দখল করে কার্যালয় নির্মাণের বিষয়টি নির্বাচন কর্মকর্তাদের নজরে পড়েনি? ক্ষোভ জানিয়ে স্থানীয় একজন বাসিন্দা বলেন, ‘তাঁরা সরকারও আছইন। আইন ভাঙলেও তাঁরারে কে কিতা কইব!’
প্রচারণার শুরুতেই আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে আশফাক আহমদের মুঠোফোনে একাধিকবার ফোন করেও কথা বলা সম্ভব হয়নি। গতকাল দুপুরে তাঁর নির্বাচনী কার্যালয়ের দায়িত্বে থাকা একজন কর্মী দাবি করেন, কার্যালয়টি ফুটপাতের জায়গায় হলেও ভাড়া নেওয়া। তবে কার কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে, সেই বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
যোগাযোগ করলে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মনোয়ার মুর্শেদ প্রথম আলোকে বলেন, ‘ফুটপাতে কার্যালয়, একাধিক মাইক ব্যবহার আচরণবিধি লঙ্ঘন। আমরা দেখে ব্যবস্থা নেব।’