ফুটপাতে আওয়ামী লীগ কার্যালয়ের সিঁড়ি
নড়াইল শহরের পুরোনো বাস টার্মিনালের সামনের ফুটপাত দখল করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সিঁড়ি নির্মাণ করছেন। পৌর বিপণিবিতানের দোতলায় দলীয় কার্যালয়ে ওঠা-নামার জন্য এই সিঁড়ি নির্মাণ করা হচ্ছে। পৌরসভা সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন বিশ্বাস পৌরসভার মেয়র থাকাকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের জন্য গত বছরের ৭ জুলাই পৌর বিপণিবিতানের ওপরের অংশ (তিন হাজার ৯৭৫ বর্গফুট) একসনা বন্দোবস্ত দেন। সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন দলীয় কার্যালয়ে ওঠা-নামার জন্য শহরের ব্যস্ততম নড়াইল-যশোর সড়কের ফুটপাত দখল করে দুই পাশ দিয়ে সিঁড়ি বানানো হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ব্যবসায়ীরা জানান, বিপণিবিতানের ভেতর দিয়ে সিঁড়ি নির্মাণ না করে ফুটপাত দখল করে সিঁড়ি নির্মাণ করায় মার্কেটের শোভা যেমন নষ্ট হচ্ছে, তেমনি কিছু দোকানির ব্যবসাপ্রতিষ্ঠান চালাতেও সমস্যা হচ্ছে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের সিকদার বলেন, ‘এ ধরনের সিঁড়ি নির্মাণের ফলে শহরের পরিবেশ যেমন নষ্ট হবে, তেমনি ভবিষ্যতে ওই সড়ক প্রশস্তকরণ বাধাগ্রস্ত হবে।’ জাতীয় পার্টির (এ) সাধারণ সম্পাদক শরীফ মুনির হোসেন বলেন, ‘ক্ষমতার দাপট দেখিয়ে আওয়ামী লীগ অপরিকল্পিতভাবে এ ধরনের সিঁড়ি নির্মাণ করছে, যা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।’ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘ছোট্ট এই শহরের শ্রীবৃদ্ধিতে প্রতিটি নাগরিকেরই দায়িত্ব রয়েছে। সে ক্ষেত্রে আওয়ামী লীগের নেতারা বিষয়টি বিবেচনা করবেন বলে আশা করি।’জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস দাবি করেন, ওপরে ওঠার জন্য বিপণিবিতানের ভেতর দিয়ে তেমন কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ফুটপাতের কিছু অংশের ওপর সিঁড়ি নির্মাণ করতে হচ্ছে। পৌরসভার মেয়র মো. জুলফিকার আলী মণ্ডল বলেন, আওয়ামী লীগ নিয়মানুযায়ী মার্কেটের ওপরের অংশ একসনা বন্দোবস্ত নিয়ে দলীয় কার্যালয় নির্মাণ করছে। কিন্তু ফুটপাত দখল করে সিঁড়ি নির্মাণ করায় শহরের ভেতরে একমুখী সড়ক নির্মাণের যে পরিকল্পনা পৌরসভার রয়েছে, তা বাধাগ্রস্ত হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঝামেলা এড়ানোর জন্য এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’