ফুটপাতে আলোর সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্টের ফটকের বাইরে বটতলার কাছাকাছি ফুটপাতে চলছে শিশুদের পাঠদান। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
হাইকোর্টের ফটকের বাইরে বটতলার কাছাকাছি ফুটপাতে চলছে শিশুদের পাঠদান। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

ফুটপাতে কাপড় বিছানো। সেখানে বসেছে খুদে শিক্ষার্থীরা। কেউ কেউ আবার পাশের লোহার গ্রিল ধরে ঝুলছে। শিক্ষকের সঙ্গে সুর করে তারা সবাই পড়ছে ‘আতা গাছে তোতা পাখি’। ১২ আগস্ট হাইকোর্টের ফটকের বাইরে বটতলার কাছাকাছি গিয়ে দেখা যায় এ দৃশ্য।

এই শিক্ষার্থীদের সবাই পথশিশু। সেভ দ্য ফিউচার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তাদের পড়ানো হচ্ছিল। শুক্র, শনি ও মঙ্গলবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই পাঠশালার কার্যক্রম।

মহাখালীতে বছরখানেক আগে প্রথম এ ধরনের পাঠশালার কার্যক্রম শুরু করে সেভ দ্য ফিউচার। কুমিল্লায়ও তাদের এ ধরনের একটি পাঠশালা আছে। আর হাইকোর্টের ফটকের বাইরের পাঠশালাটি তাদের তৃতীয় উদ্যোগ। এটি চালু করা হয়েছে সম্প্রতি। পলাশী ও সাভারে আরও দুটি পাঠশালা খোলার পরিকল্পনা আছে সংগঠনটির।

১২ আগস্ট শিশুদের পড়াচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফা আক্তার ও সারওয়ার হোসেন। কথা হয় শরীফার সঙ্গে। তিনি বলেন, তাঁরা শিশুদের শুধু অক্ষরজ্ঞান দেন না, তাদের নৈতিক মূল্যবোধ শেখানোর চেষ্টাও করা হয়। পাঠ দেওয়া হয় পরিষ্কার-পরিচ্ছন্নতারও। প্রতিদিন পাঠদান শুরুর আগে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে জাতীয় সংগীত গায়।

শরীফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। থাকেন কবি সুফিয়া কামাল হলে। দুপুরের পর তাঁর ক্লাস থাকে না। সেই সুযোগে সপ্তাহে তিন দিন পথশিশুদের পাঠদান করেন। তাঁর বন্ধুরাও পাঠদানে অংশ নেন।

শরীফা বলেন, শিশুদের পাঠদান করে আনন্দ পান তাঁরা। শিশুরাও পড়ে আনন্দ পাচ্ছে।

এই স্কুলের ছাত্রী পাঁচ বছর বয়সী ফাতেমা বলে, ‘এখানে পড়তে অনেক ভালো লাগছে। আপারা অনেক আদর করে।’

শরীফা প্রথমে কলেজের বন্ধুদের এই কাজে যুক্ত করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদেরও এ বিষয়ে আগ্রহী করে তোলেন। এখানে পাঠদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফ ওবাইদুল্লাহ, তাসনিম তাবাসসুম, নুরুল আমিন; ইডেন কলেজের মেহের কাজল; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সারওয়ার হোসেন। তাঁদের চেষ্টা আর শ্রমে চলছে পথশিশুদের শিক্ষার আলো পৌঁছানোর প্রাথমিক কাজ।

২০১৪ সালে শুরু হয় সেভ দ্য ফিউচারের কার্যক্রম। এর নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা মজুমদার। হাইকোর্টের পাশে স্কুলের উদ্যোগ নেন শরীফা আক্তার।

গোলাম মোস্তফা মজুমদার বলেন, ‘পথশিশুদের দিয়ে মাদক বহন করানো হয়। তাদের ব্যবহার করা হয় রাজনৈতিক কর্মসূচিতে। আমার বিশ্বাস, শিক্ষার আলো পেলে তারা ন্যায়-অন্যায় বুঝতে পারবে। তাদের অন্যায় কাজে কেউ ব্যবহার করতে পারবে না।’ তিনি বলেন, তিন বছরের বেশি সময় ধরে চলা এই সংগঠনের সদস্যদের দেওয়া চাঁদায় স্কুল চলছে। এ ছাড়া চাকরিজীবী ও ব্যবসায়ী বন্ধুরা তাঁদের এই কাজে সহায়তা করেন।

জানা গেছে, সংগঠনটির সক্রিয় সদস্যের সংখ্যা প্রায় ১৫০ জন। তাঁরা প্রতি মাসে ১০০ টাকা করে চাঁদা দেন। সদস্যদের চাঁদার টাকা থেকেই পথশিশুদের বই-খাতা-পেনসিল দেওয়া হয়। পড়া শেষে শিশুদের জন্য হালকা নাশতার ব্যবস্থাও রাখা হয়েছে।