ফুটপাতে উদ্বাস্তু পরিবার, গ্যারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীবাগে রাস্তার নালিরপাড় এলাকায় পশ্চিম পাশের ফুটপাত ও সড়কের কিছু অংশ দখলে নিয়ে গড়ে উঠেছে রিকশা ও ভ্যানের গ্যারেজ। পাশেই ভাঙা ফুটপাতে ছড়িয়ে আছে ময়লা–আবর্জনার স্তূপ l ছবি: প্রথম আলো
পরীবাগে রাস্তার নালিরপাড় এলাকায় পশ্চিম পাশের ফুটপাত ও সড়কের কিছু অংশ দখলে নিয়ে গড়ে উঠেছে রিকশা ও ভ্যানের গ্যারেজ। পাশেই ভাঙা ফুটপাতে ছড়িয়ে আছে ময়লা–আবর্জনার স্তূপ l ছবি: প্রথম আলো

বাঁশ, প্লাস্টিক, পলিথিন আর চটের বস্তা দিয়ে বেড়া দেওয়া ছোট ছোট ঘর। ওপরে ত্রিপল ও প্লাস্টিকের ছাউনি। একটি ঘরের পাশে বসে একজন মা তাঁর শিশু সন্তানকে খাওয়াচ্ছেন। পাশেই আরেকজন কাপড় ধুচ্ছেন। একটু দূরে চুলা জ্বলছে। সেখানে রান্নার আয়োজন চলছে।
পরীবাগ রোডের নালির পাড় এলাকার ফুটপাতের এ দৃশ্য প্রতিদিনের। ২৫টির মতো উদ্বাস্তু ও ভবঘুরে পরিবারের বসবাস সেখানে। আছে তিনটি ছোট-বড় রিকশাভ্যানের গ্যারেজ, কয়েকটি হোটেল, চা এবং রিকশাভ্যান ও বাইসাইকেল মেরামতের দোকান।
এভাবে সড়ক দখল করে বসবাস করার ব্যাপারে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ খান প্রথম আলোকে বলেন, উদ্বাস্তু পরিবার, হোটেল ও চায়ের দোকানগুলো এক সপ্তাহের মধ্যেই উচ্ছেদ করা হবে।
গতকাল বুধবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, ফুটপাতেই উদ্বাস্তু লোকেরা গড়ে তুলেছে অস্থায়ী শৌচাগার। রান্না, ধোয়ামোছা, শিশু পালন, ঘর মজবুত করাসহ চলছে সব ধরনের সাংসারিক কাজকর্ম। ফুটপাতের ওপরে সারি ধরে রাখা আছে প্রায় ১৩০টি রিকশাভ্যান। অনেক স্থানে ফুটপাতের কংক্রিটের ঢালাই ও স্লাব ভেঙে গেছে। সড়কে জমে আছে নোংরা পানি। হোটেলগুলোয় ভিড় লেগে আছে। লোকজন ফুটপাত ব্যবহার করতে পারছে না।
রিকশাভ্যান গ্যারেজের একজন মালিক মো. সিরাজ বলেন, ‘এখানে দশজন মালিক রিকশাভ্যান রাখে। আমরা বসছি প্রায় এক বছর। সরকারি জায়গা, দরকার হলে চলে যাব। আমরা কাওরে টাকা দিয়া এখানে বসি নাই।’
ফুটপাতে বসবাসকারী কয়েকজন বলেন, প্রায় ৩০ বছর ধরে ভবঘুরে লোকজন এখানে বসবাস করছে। ২৪ ঘণ্টাই গ্যারেজগুলো খোলা থাকে। দিনে লোকজন কম থাকলেও রাতে বহিরাগত মানুষের ভিড় বাড়ে।

বসবাসকারীদের একজন মো. মিজান বলেন, ‘কই যামু, ঘর-বাড়ি নাই। অসুস্থ শরীর, কাজ করতে পারি না। এখানেই পইড়া থাকি, জিনিসপত্র দেইখা রাখি।’

জানা গেছে, সন্ধ্যার পর কয়েকজন মাদক বিক্রেতা এখানে মাদক বিক্রি করে। আশপাশের এলাকার বিভিন্ন বয়সী লোক মাদক কিনতে আসে। রাতে নালির পাড় এলাকার চেহারা বদলে যায়। রাস্তায় লোকজন মাদক সেবন করে। প্রতিদিন গভীর রাত পর্যন্ত চলে মাদক ব্যবসা। সাধারণ লোকজন রাতে ছিনতাইয়ের ভয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করে না।

বিষয়টি শুনে ডিএসসিসি ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বলেন, ‘মাদক বিক্রির বিষয়টি আমি শাহবাগ থানায় জানিয়েছি। মাদক সেবন ও বিক্রি নিয়ন্ত্রণে আনতে শাহবাগ থানা-পুলিশ প্রায়ই ওই এলাকায় ঝটিকা অভিযান চালায়। সবশেষ গত মঙ্গলবার তারা উদ্বাস্তু ঘরগুলো উচ্ছেদ করে।’

জানা গেছে, বছর বছর এখানে উদ্বাস্তু লোকের সংখ্যা বাড়ছে। পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাঝেমধ্যে উচ্ছেদ করলেও কাজ হয় না। দু-চার দিন পরই পরিবারগুলো ফিরে এসে পুরোনো ঘর সংস্কার করে বসবাস শুরু করে। রিকশাভ্যান মালিকেরা ব্যক্তি উদ্যোগে এখানে গ্যারেজ বসানো হয়েছে। মাস চুক্তি বেতনে দুজন নিরাপত্তারক্ষী রিকশাভ্যানগুলোর দেখাশোনা করে। গ্যারেজ থেকে প্রতিবেলার হিসাবে ৫০ থেকে ১০০ টাকায় রিকশাভ্যান নেয় চালকেরা। গ্যারেজ ও উদ্বাস্তু পরিবারগুলো কেন্দ্র করেই হোটেল ও চায়ের দোকানগুলো গড়ে উঠেছে।

গ্যারেজ প্রসঙ্গে এম এ হামিদ খান বলেন, ‘মালিকেরা কথা দিয়েছে, ভোর ছয়টার মধ্যে রিকশাভ্যান সরিয়ে নেবে এবং রাত ১০টার পর গ্যারেজে তুলবে। তবে ফুটপাতে রাখবে না। পথচারী চলাচলের জন্য সড়ক ও ফুটপাত পরিচ্ছন্ন রাখবে। তারা কথামতো কাজ না করলে গ্যারেজও তুলে দেব।’