ফুটপাতে ঢাকনা নেই, ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের অনেক ফুটপাতের ওপর পাটাতন নেই। এতে নগরবাসীকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ছবিটি গাঙ্গিনারপার মোড়সংলগ্ন রামবাবু রোড থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
ময়মনসিংহ শহরের অনেক ফুটপাতের ওপর পাটাতন নেই। এতে নগরবাসীকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ছবিটি গাঙ্গিনারপার মোড়সংলগ্ন রামবাবু রোড থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো

ময়মনসিংহ পৌর শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে ফুটপাতের ঢাকনা নেই। ফুটপাতের নিচে গভীর নর্দমা থাকায় পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে যেকোনো সময় বড় রকমের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন পথচারীরা।
গত মঙ্গল ও বুধবার সরেজমিনে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ এলাকা গাঙ্গিনারপার ট্রাফিক মোড়, সি কে ঘোষ রোড, নতুন বাজার মোড় ও রামবাবু সড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ফুটপাতের ওপর ঢাকনা নেই।
পথচারী ও ওই সব এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন বাজার মোড় এলাকায় সড়কের দুই পাশা দুটি ঢাকনা বেশ কয়েক মাস ধরেই নেই। নতুন বাজারে একটি কাঁচাবাজার রয়েছে। এ ছাড়া ওই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ চলাচল করেন। ফুটপাতের ওপর ঢাকনা না থাকায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
শহরের গুরুত্বপূর্ণ অপর সড়ক রামবাবু রোড। ওই সড়কে অবস্থিত ময়মনসিংহ মহাবিদ্যালয় ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। ময়মনসিংহ মহাবিদ্যালয় এলাকায় ফুটপাতের ওপর প্রায় তিন মিটার স্থানে ঢাকনা নেই। শহরের ব্যস্ততম গাঙ্গিনারপার এলাকার দুর্গাবাড়ি সড়কের মোড়ের দুই পাশে ফুটপাতে দুটি ঢাকনা নেই। ওই এলাকায় সংবাদপত্র বিক্রয়কেন্দ্রের পাশে প্রায় এক মিটার এলাকা অরক্ষিত। ফুটপাতের নিচে গভীর নর্দমা। এ ছাড়া ব্যস্ততম সি কে ঘোষ রোড সড়কে একটি বিপণিবিতানের সামনেও ফুটপাতের ওপর কয়েক মাস ধরে ঢাকনা নেই। ঢাকনা না থাকা অরক্ষিত স্থানে কোনো ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি পৌরসভা।
নতুন বাজার ও গাঙ্গিনারপার এলাকার কয়েকটি স্থানে দেখা যায়, ঢাকনা না থাকা স্থানে ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে ঢাকনা তৈরি করে নিয়েছেন। কথা হয় নতুন বাজার এলাকায় আল মামুন নামের এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, প্রায় তিন মাস ধরে ফুটপাতে ঢাকনা নেই। বিষয়টি শহরবাসীর জন্য চরম ঝুঁকিপূর্ণ হলেও পৌরসভার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
নাসরিন আক্তার নামের অপর এক পথচারী বলেন, ‘শহরের যানজট বেড়েছে। এ অবস্থায় পথচারীদের জন্য ফুটপাতগুলো সুরক্ষিত করা উচিত। আমাদের ছোট ছেলেমেয়েরা স্কুলে যাওয়া-আসার পথে ফুটপাত ধরে চলাচল করে। আমার মতো অনেক অভিভাবক আতঙ্কে থাকেন।’
ময়মনসিংহের একটি সরকারি বিদ্যালয়ের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসছে বর্ষায় যদি এগুলো (ঢাকনা) স্থাপন না করা হয়, তাহলে বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
ময়মনসিংহ পৌরসভা সূত্রে জানা যায়, বর্ষাকাল সামনে রেখে শহরের গুরুত্বপূর্ণ সব সড়কের নর্দমা পরিষ্কার করা হয়েছে। তখন ফুটপাতের বেশ কিছু ঢাকনা ক্ষতিগ্রস্ত হয়। পৌরসভার পক্ষ থেকে বর্ষার আগেই নতুন ঢাকনা দেওয়া হবে।
ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ঢাকনা নেই—এমন স্থানগুলো পরিদর্শন করতে বলা হয়েছে। পরিদর্শন শেষে তাঁর দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে নতুন করে ঢাকনা স্থাপন করা হবে।