ফুটপাতে তাড়াহুড়ার ইফতার
সন্ধ্যা সোয়া ছয়টা বেজে গেছে। ইফতারের আর মাত্র কয়েক মিনিট বাকি। তবু ফার্মগেট এলাকায় গাড়ির কমতি নেই। বেশির ভাগ ট্রাফিক সদস্য ইফতার করতে পুলিশ বক্সে এসে জড়ো হয়েছেন। দু-একজন ইফতারির প্যাকেট আর পানির বোতল হাতে তখনো রাস্তায় দাঁড়িয়ে গাড়ি চলাচল তদারকি করছেন। গতকাল শুক্রবার এমন দৃশ্য দেখা গেল খামারবাড়ি-সংলগ্ন ফার্মগেট পুলিশ বক্স এলাকায়।ইফতারিতে নেই কোনো বিশেষ আয়োজন। আয়োজনের সময়ই বা কোথায়। দায়িত্বের ফাঁকে কোনো রকমে ইফতারটা সেরেই আবার রাস্তায় নেমে পড়া। আবার বাঁশি বাজিয়ে সিগন্যালে যানবাহনের চলাচল তদারকি এবং যানজট নিরসনে ব্যস্ত হয়ে পড়তে হয়। রাজধানীর বিভিন্ন পুলিশ বক্স, ফুটপাত অথবা রাস্তার পাশে দাঁড়িয়ে বা বসে প্রতিদিন এভাবে দৌড়ের ওপর ইফতার সারেন কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্যরা।ফার্মগেট পুলিশ বক্সের কনস্টেবল দেলোয়ার হোসেন বলেন, ‘আগে একসময় সবাই মিলে একসঙ্গে বসে, আয়োজন করে ইফতার করতাম। কিন্তু এখন আর সে অবস্থা নেই। তাড়াহুড়ার মধ্যে এখন ইফতারি মাখানো বা বিশেষ আয়োজনের অবস্থা নেই। ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনায় কর্তব্যরত প্রত্যেক সদস্যের জন্য ইফতারির একটি করে প্যাকেট আসে। কোনো রকমে ওই প্যাকেটের ইফতারিটা খেয়েই আবার দৌড় দিতে হয় রাস্তায়।’খামারবাড়ি-সংলগ্ন ফুটপাতে চায়ের দোকানের বেঞ্চে বসে ইফতার করছিলেন কনস্টেবল রিয়াজুল, ইদ্রিসসহ কয়েকজন। তাঁরা জানালেন, ছোট পুলিশ বক্সে সবার জায়গা হয় না। তাই এখানে বসে ইফতার করছেন। কয়েকজন ফুটপাতে দাঁড়িয়ে, আবার কেউ বাসের টিকেট কাউন্টারের পরিত্যক্ত টেবিলের ওপর বসে ইফতার করছিলেন। কনস্টেবল রিয়াজুলকে দেখা গেল ইফতারির প্যাকেটের ভেতর দ্রুত ছোলার সঙ্গে পেঁয়াজু, বেগুনি ভেঙে মেশাচ্ছেন।ফার্মগেট পানির পাম্প-সংলগ্ন পুলিশ বক্সে ইফতারির প্যাকেট নিয়ে বসেছিলেন সার্জেন্ট মাহাবুব ও সার্জেন্ট মোকাররম হোসেন। তাঁরা জানালেন, ইফতারের কয়েক মিনিট আগে কর্তব্যরত ট্রাফিক সদস্য ও কমিউনিটি পুলিশের সদস্যরা এসে যাঁর যাঁর প্যাকেট নিয়ে চলে যাবেন ইফতারের জন্য। প্যাকেটে থাকে ছোলা, মুড়ি, খেজুর, বেগুনি, পেঁয়াজু ও সঙ্গে একটি আধা লিটার পানির বোতল।বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহবাগ পুলিশ বক্সে ইফতারির প্যাকেট এসেছে মাত্র। তখনো ট্রাফিক বক্স ফাঁকা। সবাই রাস্তায় দায়িত্ব পালন করছেন। এখানকার সার্জেন্ট এমদাদুল হক জানালেন, প্রতিদিনই ট্রাফিক অফিস থেকে প্যাকেট ভরে ইফতারি দেওয়া হয়। সবাই নিজ নিজ প্যাকেট নিয়ে আলাদা ইফতার করেন। এক সঙ্গে তাঁদের ইফতার করার সুযোগ নেই।একই অবস্থা কারওয়ান বাজার ট্রাফিক বক্সেও। কনস্টেবল আল আমিন ও মফিদুল জানালেন, ইফতারের আগে থেকেই তাঁরা হাতমুখ ধোয়াসহ সাধারণ কিছু প্রস্তুতি নিতে শুরু করেন। একজন একজন করে হাতমুখ ধুতে যান। কয়েকজন একদম শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করেন।ঝুঁকিপূর্ণ যান চলাচল: শাহবাগ, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় কর্তব্যরত ট্রাফিক সদস্যরা জানান, ইফতারের সময় ফাঁকা রাস্তায় গাড়িগুলো দ্রুতগতিতে চলে। তখন কোনো নিয়ন্ত্রণ থাকে না। ফলে প্রায়ই ছোট থেকে বড় দুর্ঘটনা ঘটে।