ফুটপাতে দোকান রাস্তায় গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে সবজি ও ফলের দোকান বসানো হয়েছে। ওই এলাকার রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট-বড় অনেক গর্ত। বৃষ্টি হলেই এতে পানি জমে থাকে। এতে ক্রেতা-বিক্রেতারা দুর্ভোগের শিকার হচ্ছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৌলভীবাজার শহরে মাছ, সবজি এবং অন্যান্য নিত্যপণ্যের পাইকারি ও খুচরা কেনাকাটার প্রধান কেন্দ্র পশ্চিম বাজার।
জেলা শহর ছাড়াও অন্যান্য স্থান থেকে আসা লোকজন এখানে বাজার করেন। প্রতিদিন সকাল আটটা থেকে মধ্যরাত পর্যন্ত এখানে বেচাকেনা হয়। এই এলাকার ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে বাজারে আসা লোকজনকে বাধ্য হয়ে রাস্তার কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বাজারে সবজি, শুঁটকি, ফল, চাল এবং অন্যান্য পণ্য বিক্রির জন্য পাকা ভবন আছে। তা সত্ত্বেও ফুটপাত দখল করে বসে আছেন ব্যবসায়ীরা। অনেক স্থানে ফুটপাতেও তাঁদের জায়গা হচ্ছে না। তাই তাঁরা ফুটপাত ছাড়িয়ে রাস্তার ওপর দোকান সম্প্রসারণ করেছেন। সবজির পাশাপাশি মোরগের খাঁচা, মুদিসহ বিভিন্ন পণ্যের দোকানের মালামাল ফুটপাত দখল করে রাখা হচ্ছে। এ অবস্থায় বাজারে আসা লোকজনের চলাচলের সুযোগ থাকে না। এতে করে রাস্তায় তৈরি হচ্ছে জটলার। অপরদিকে মাছের বাজারে ঢোকার রাস্তাটির অবস্থাও করুণ। সামান্য বৃষ্টি হলে রাস্তার ওপর তিন-চার ইঞ্চি কাদা জমে যায়।
মৌলভীবাজার সদর উপজেলার ইয়ারোপ আহমদ বলেন, ‘প্রতিদিনই এখানে (পশ্চিম বাজারে) আমাকে বাজার করতে হয়। দোকান বসানোর কারণে ওই এলাকার ফুটপাত দিয়ে চলা যায় না। বাধ্য হয়ে রাস্তার ওপর দিয়ে চলতে হয়। কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ।’
ব্যবসায়ী জুলফিকার আলী ভুট্টো বলেন, ‘বিশেষ করে বৃষ্টির সময় এখানে বাজার করা মানে দুর্ভোগে পড়া। সুন্দরভাবে বাজার করার অবস্থা নেই। বিকল্প না থাকায় এখানে যাই। কারও চোখে এগুলো পড়ে বলে মনে হয় না।’
ফুটপাতের সবজি ব্যবসায়ী মো. মনির হোসেন গতকাল শনিবার বলেন, ‘বাজার সঠিকভাবে গড়ে তোলা হয়নি। বাজারের গলির ভেতরে কাস্টমার ঢুকতে চায় না। কাস্টমার রাস্তার সাথে সামনে যে দোকান পায়, সেই দোকান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যায়। তাই অবৈধ জানিয়াও বাধ্য হয়ে সামনে (ফুটপাতে) বসি।’
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ওরফে ময়ূন বলেন, ‘আমরা সপ্তাহে দুই দিন ফুটপাত থেকে দখলদারদের উচ্ছেদে অভিযান চালাব। আর রাস্তাটি আসলে বাজারের ভবনের দোতলার সঙ্গে একই দরপত্রের প্যাকেজে (গুচ্ছে) আছে। দোতলা নির্মাণের জন্য টাকাও বরাদ্দ হয়ে গেছে। ভবনের সঙ্গে রাস্তা নির্মাণ করা হবে। এ জন্য আলাদা করে রাস্তা সংস্কার করা হচ্ছে না।’