ফুটপাতে নারীদের ভোগান্তির অন্ত নেই

ফুটপাত নিয়ে রাজধানীর নারীদের অনেক অভিযোগ। ৭২ শতাংশ নারী বলেছেন, ফুটপাতগুলো নির্মাণসামগ্রী, হকার ও দোকানদারদের দখলে। নারীদের প্রায় দুই-তৃতীয়াংশ মনে করেন, ফুটপাত হাঁটার জন্য যথেষ্ট প্রশস্ত নয়।
বেসরকারি সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ পরিচালিত ‘নারী সংবেদনশীল নগর-পরিকল্পনা’ শীর্ষক জরিপে ফুটপাত নিয়ে নারীদের এই বিশ্লেষণ উঠে এসেছে।
২০১৬ সালে দুই মাসব্যাপী ঢাকা শহরের রাস্তা, বাসস্ট্যান্ড, ফুটপাত, মার্কেট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বয়সী ও পেশার ২০০ জন নারীর মধ্যে গবেষণাটি চালানো হয়। এটি চলতি বছরের মে মাসে প্রকাশিত হয়।
সরেজমিনে দেখা যায়, পশ্চিম শেওড়াপাড়ায় বাসস্ট্যান্ড-সংলগ্ন ফুটপাতের ওপর সারি সারি দোকান। হাঁটার জন্য পথচারীরা মূল রাস্তাই বেশি ব্যবহার করছে। আর ঠিক উল্টো পাশে অর্থাৎ পূর্ব শেওড়াপাড়ায় ফুটপাতে ইট, বালু রাখা। সেখানে বসেই শ্রমিকদের ইট ভাঙতে দেখা যায়। সেই সুরকিতে ধাক্কা খেয়ে পড়ে যায় তৃতীয় শ্রেণির ছাত্র রিয়াসাত হাসান।
গাজীপুরে নাসিমা বেগম দৃষ্টিপ্রতিবন্ধী মেয়েকে নিয়ে এসেছেন ফার্মগেটে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে। হাসপাতালের পাশের ফুটপাত দিয়ে হাঁটার সময় মেয়েকে সামলাতে অসুবিধায় পড়ছেন তিনি।
জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক নারী বলছেন, অনেক এলাকায় ফুটপাত নেই। যা-ও আছে তা ব্যবহারের উপযোগী নয়। এক-চতুর্থাংশ নারী মনে করেন, ফুটপাতের নকশা সঠিকভাবে করা হয়নি। এমনকি নকশা করার সময় প্রতিবন্ধী মানুষের কথা বিবেচনাতেই আনা হয়নি।
রাজধানীর কয়েকটি এলাকা বাদে বাকি ফুটপাতগুলোর চিত্র কমবেশি একই রকম। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হয় শিশু ও নারীদের। বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও কোথাও ফুটপাত দখল করে দোকান বা বাজার গড়ে উঠেছে। কোথাও ফুটপাতের ওপর নির্মাণসামগ্রী আবার কোথাও ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা আছে। কোথাও ফুটপাত খুব সরু, আবার কোথাও ফুটপাতই নেই।
কারওয়ান বাজারের আম্বর শাহ (রহ.) শাহি মসজিদ-সংলগ্ন ফুটপাত ঘুরে দেখা গেছে, শুধু ফুটপাতের ওপরেই ৫৯ দোকান আছে। এখানে চা-পান-সিগারেট, মুড়ি-চিড়া-বিস্কুট থেকে শুরু করে ভেষজ উপকরণ, বিকাশ-ফ্লেক্সিলোড-মোবাইল ফোনের সিম, ইলেকট্রিক সামগ্রী বিক্রিসহ রান্নার কাজও চলে। কেউ কেউ আবার টুকরিতে করে ফলমূল-মসলা বিক্রি করছে। তালা-চাবি সারাই, ছাতা সারাই, মুচির দোকান, জায়নামাজ-তজবি-ধর্মীয় বইসহ বিভিন্ন জিনিসপত্রও বিক্রি হচ্ছে। পাশাপাশি মার্কেটের দোকানগুলোর বর্ধিতাংশও ফুটপাতজুড়ে।
আবার মসজিদের পেছন দিক থেকে কারওয়ান বাজার থেকে মূল সড়কের সঙ্গে যাওয়ার রাস্তায় কোনো ফুটপাতই নেই। রাস্তার অনেকটা হকারদের দখলে। রাস্তাটি বেশির ভাগ সময় কর্দমাক্ত থাকে। বৃষ্টি হলে পানিও জমে।

পাশাপাশি মসজিদের পশ্চিমাংশে অর্থাৎ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়ক-সংলগ্ন অংশের ফুটপাতে নির্মাণসামগ্রী, টাইলস ও বেশ কয়েকটি ভ্যান রাখা। চায়ের দোকানও আছে। ফলে ফুটপাত দিয়ে হাঁটার অবস্থা নেই। হাঁটতে গেলেও অন্যের গায়ে ধাক্কা লাগে। কয়েকজন নারীকে দেখা যায়, নাক শাড়ির আঁচল বা ওড়নায় গুঁজে কখনো ফুটপাতে, কখনো মূল রাস্তায় ওঠানামা করে হাঁটছেন।
ফুটপাতের সমস্যা সমাধানে ট্রাফিক সিগন্যালের নিয়মতান্ত্রিক ব্যবহার নিশ্চিত করা পূর্বশর্ত বলে মনে করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের চেয়ারম্যান আবদুল মুক্তাদির। তিনি বলেন, রাজধানীতে প্রয়োজনের তুলনায় ফুটপাত যৎসামান্য। তারপরও যা আছে, তা সঠিকভাবে ব্যবহার করতে সিটি করপোরেশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দরকার বাস্তবসম্মত নীতিমালাও।
ফুটপাতের এসব সমস্যার বিষয়ে অবগত আছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, বারবার চেষ্টার পরেও ‘স্বার্থান্বেষী মহলের’ কারণে ফুটপাত মুক্ত রাখা যাচ্ছে না। তবে নতুনভাবে তৈরি ফুটপাতগুলোতে প্রতিবন্ধীদের চলাচলের ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানান তিনি।