
উত্তরা ৩ ও ৭ নম্বর সেক্টরের মধ্যবর্তী রবীন্দ্র সরণিতে নেই ফুটপাতের অস্তিত্ব। প্রায় ১০০ ফুট চওড়া সড়কটির দুই পাশের ফুটপাত দখল করে বানানো হয়েছে গাড়ি ওঠা–নামার পথ (র্যা ম্প), দোকানপাট ও পার্কিংয়ের জায়গা। তাই বাধ্য হয়েই পথচারীরা হাঁটছে মূল সড়ক দিয়ে।
গতকাল শুক্রবার দেখা যায়, আজমপুর বাসস্ট্যান্ড থেকে পশ্চিম দিকের সড়কটির দুই পাশে অবৈধ দোকানপাট। সড়কের পাশের নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী ফুটপাতের ওপরে রাখা। সড়ক বিভাজক দখল করেও গড়ে তোলা হয়েছে দোকানপাট। সড়কের পাশের দোকান, হাসপাতালে আসা গাড়ি রাখা হয়েছে সড়কের ওপর।
সড়কের পাশের ভবনের সামনের ফুটপাতগুলো এমনভাবে দখল করা হয়েছে, যেন প্রথম দেখায় মনে হয়, এটি ভবনেরই অংশ। বাড়িওয়ালারা বাড়ির মূল ফটকের সামনে গাড়ির র্যা ম্প করেছেন। র্যা ম্পের দুই পাশে গাছ লাগিয়ে বাগান করে ফুটপাত নিজের সীমানার ভেতরে নিয়ে গেছেন।
৭ নম্বর সেক্টরের বাসিন্দা মাহবুব আমিন বলেন, ‘সড়কটা অনেক চওড়া। কিন্তু দুই পাশে এমনভাবে গাড়ি পার্ক করা, দোকান তোলা যে তা বোঝার উপায় নেই। সড়কের পাশের বাড়ির মালিকেরা দোকান তুলেছেন। বাগান করেছেন। নির্মাণসামগ্রী রেখে দিয়েছেন। চলাচলে যত দুর্ভোগ আমাদের মতো সাধারণ পথচারীদের।’
তবে সড়কে কোনো এক সময় ফুটপাত ছিল, তা বোঝা যায়। দখলের ফাঁকে খানিক পরপর ফুটপাতের অংশবিশেষ এখনো হঠাৎ চোখে পড়ে। দেখা যায়, একটি বাড়ির মূল ফটকের দুই পাশে লোহার বেড়া দিয়ে বাগানের মতো করা হয়েছে। মাঝে গাড়ি ঢোকার পথ। বেড়ার ভেতরে একসময়ের পিচ ঢালাই করা ফুটপাতের ভাঙা অংশ নজরে পড়ে।
উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি শহীদুল ইসলাম খান বলেন, অনেকগুলো ছোট দোকান সড়কের পাশের বাড়িওয়ালারা বসিয়েছেন। এসব দোকান উচ্ছেদ করতে গেলে বাড়িওয়ালারা আক্রমণাত্মক ব্যবহার করেন। কেউ ফুটপাতে গাছ লাগিয়েছেন, সড়ক বিভাজক বলতে কিছু নেই, তাতে নানা ধরনের দোকান।
রবীন্দ্র সরণিতে কাপড়ের দোকানই বেশি। ফুটপাত ও সড়কজুড়ে এমন অসংখ্য কাপড়ের দোকান। আরও আছে ফলের দোকান, তালাচাবি ঠিক করার দোকান, ফুলের দোকান। পুরো সড়কের অর্ধেকই চলে গেছে এসব দোকানির দখলে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-১-এর নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, উত্তরা এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার কাজ চলছে। হকার ও দোকানিদের অনুরোধে চলতি মাস সময় দেওয়া হয়েছে। আর বিভিন্ন সড়ক-ফুটপাত দখল করে বানানো র্যা ম্প সিটি করপোরেশন ভেঙে দিচ্ছে। রবীন্দ্র সরণি সড়কটি কিছুদিনের মধ্যে সংস্কার করা হবে। তখন অবৈধভাবে বানানো এই র্যা ম্পগুলো ভেঙে ফেলা হবে।
ফুটপাত দখলমুক্ত করতে এবং এলাকা পরিচ্ছন্ন করতে গত ১৪ ফেব্রুয়ারি থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছিল। কিন্তু রবীন্দ্র সরণির বেলায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান যে খুব একটা ফলপ্রসূ হয়নি, তা চারপাশে তাকালেই বোঝা যায়। ফুটপাত-সড়ক বিভাজকের দখল ছাড়াও ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে আছে।