ফুটপাতে পেছন থেকে চাপা দিল কাভার্ডভ্যান, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ছোনকা এলাকায় এই মহাসড়কের বাম পাশে এ দুর্ঘটনা হয়। প্রথম আলো ফাইল ছবি
বগুড়ার শেরপুরে ছোনকা এলাকায় এই মহাসড়কের বাম পাশে এ দুর্ঘটনা হয়। প্রথম আলো ফাইল ছবি

পাঁচজন মিলে মহাসড়কের পাশে ফুটপাথ দিয়ে হেঁটে বাজারে যাচ্ছিলেন পাঁচজন। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। গুরুতর আহত হন দুজন।

আজ রোববার সকালে বগুড়ার শেরপুরে ছোনকা এলাকার একটি পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর কার্ভাড ভ্যান গাড়ির চালক ও তাঁর সহকারী গাড়িটি মহাসড়কের ওপর ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে থানা-পুলিশ হতাহতদের উদ্ধার করে ও গাড়িটি পুলিশের হেফাজতে নেয়।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ছোনকা দক্ষিণপাড়া গ্রামের মহসিন আলী (৫০), সাদেক আলী (৫২) ও শাহ মাহমুদ (৪২)। আহত হয়েছেন ইদ্রিস আলী (৪৫) ও মো. আছিরুদ্দিন (৪০)। তাঁরা সবাই স্থানীয় একটি কারখানার শ্রমিক। আহত ইদ্রিস আলীকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী দুজন বলেন, ওই পাঁচজন হেঁটে মহাসড়কের পূর্বপাশে ফুটপাত দিয়ে স্থানীয় ছোনকা বাজারে যাচ্ছিলেন। এ সময় বগুড়ার দিকে যাওয়া একটি কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি মহাসড়ক ছেড়ে ফুটপাতে উঠে ওই শ্রমিকদের পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। গুরুতর আহত হন দুজন।

এই দুর্ঘটনায় আহত আছিরুদ্দিন বলেন, তাঁরা সবাই উপজেলার ভবানীপুর সড়কে একটি কারখানার শ্রমিক। প্রতিদিনের মতো আজও কর্মস্থলে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে হেঁটে ছোনকা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন।

শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গনি প্রথম আলোকে বলেন, এই দুর্ঘটনায় থানায় নিহত ব্যক্তিদের মধ্য থেকে একজনের পরিবার থেকে মামলা করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ দুপুরে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে।