খিলগাঁও রেলগেট থেকে উত্তর শাহজাহানপুর পর্যন্ত ফুটপাত ও প্রধান সড়কের কিছু অংশ দখল করে গড়ে উঠেছে কাঁচাবাজার ও আসবাবের দোকান। সড়কের খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গড়ে উঠেছে মুরগির বাজার। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই রাখা সিটি করপোরেশনের ময়লার কনটেইনার উপচে পড়ছে ময়লা-আবর্জনা।
গতকাল শুক্রবার দেখা যায়, খিলগাঁও রেলগেট থেকে উত্তর শাহজাহানপুরের দিকে এগোতে শুরু করলেই সড়ক ও ফুটপাত দখল করে মুরগি ও সবজির অর্ধশতাধিক দোকান বসেছে। মুরগির দোকানের শেষ মাথায় আসবাবের দোকান শুরু। আসবাবের দোকানগুলো ফুটপাতের পাশে হলেও ফুটপাত দখল করে মালপত্র সাজিয়ে রাখা হয়েছে।
এই সড়কেই অবস্থিত খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের সামনের ফুটপাতেও আছে মুরগি ও সবজির দোকান। দেখা যায়, ক্রেতারা মুরগি, সবজি কেনাকাটা করছেন। জবাই করা মুরগির বর্জ্য বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে আছে।
বিদ্যালয়ের ফটকের বাইরেই আছে ময়লার কনটেইনার। বাতাসে ছড়িয়ে পড়া উৎকট গন্ধে দাঁড়িয়ে থাকাও দায়। পথচারীরা নাক-মুখ চেপে দ্রুত জায়গাটুকু পার হয়ে যাচ্ছেন। ফটকসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে মুরগির বিষ্ঠা।
খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ তলায় মতিঝিল থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয়। বাজার ও ডাস্টবিনের কারণে বিদ্যালয়ে প্রবেশে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হন শিক্ষার্থী ও শিক্ষকেরা। দেখা যায়, বিদ্যালয়ের সামনের ফুটপাতে একটি যাত্রী ছাউনি আছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়া ছাউনির ভেতরেও গড়ে উঠেছে মুরগির দোকান।
নাম না প্রকাশের শর্তে বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, মুরগির দোকান ও বাজারের কারণে বিদ্যালয়ের প্রধান ফটকটি দীর্ঘদিন ধরে বন্ধ। বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি পকেট ফটক দিয়ে নাক-মুখ ঢেকে আসা-যাওয়া করতে হয় শিক্ষার্থীদের। ময়লার দুর্গন্ধে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মুরগি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এখানে মুরগি বেচাকেনা চলে। আর মুরগি জবাই করে নাড়িভুঁড়ি পাশের ময়লার কনটেইনারে ফেলা হয়। দোকানগুলো অবৈধভাবে বসানো।
দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর একাধিকবার বিদ্যালয়ের সামনে থেকে মুরগির বাজার ও কাঁচাবাজার উচ্ছেদ করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কিন্তু উচ্ছেদের পরপরই আবার ওই স্থানে বাজার বসানো হয়েছে। এলাকাটি খিলগাঁও রেলগেট বাজার নামে পরিচিত।
মুরগির দোকান ও বাজার যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়েছে আসবাবের দোকান। আসবাবের দোকানগুলো ফুটপাতের পাশে হলেও মালপত্র ও আসবাব সাজিয়ে রাখা হয় ফুটপাতের ওপর। আসবাব বার্নিশের কাজ হয় ফুটপাতের ওপর। এর ফলে চলাচলে সমস্যায় পড়েন পথচারীরা।
শাহজাহানপুর এলাকাটি কোচিং পাড়া হিসেবে পরিচিত। আশপাশের এলাকার শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে যাতায়াত করে। ফুটপাত ব্যবহার করতে না পারায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়েই হাঁটতে হয়।
বাসা থেকে অল্প দূরত্বের পথ বলে সন্তানকে নিয়ে হেঁটেই শাহজাহানপুর পড়াতে নিয়ে যান ফরিদা আকতার। তিনি বলেন, রেলগেট থেকে শাহজাহানপুর পর্যন্ত পুরোটুকু রাস্তার ওপর দিয়ে হাঁটতে হয়। বাজার, দোকান, মালপত্রে ফুটপাতে ওঠার কোনো উপায়
নেই। অন্য পাশের ফুটপাতের অবস্থাও একই রকম।
এলাকাটি ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডে পড়েছে। এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর হামিদুল হক প্রথম আলোকে বলেন, একাধিকবার বাজারটি উচ্ছেদ করা হয়েছে। বাজার উচ্ছেদ নিয়ে এলাকায় ঝামেলাও হয়েছে। রেলগেট থেকে শাহজাহানপুর পর্যন্ত ফুটপাত দখলমুক্ত থাকুক, এটা সবাই চায়।