ফুটপাতে বাস, প্রাণ গেল পথচারীর
ফুটপাত দিয়েই হেঁটে আগারগাঁও কার্যালয়ে যাচ্ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মী রফিকুল ইসলাম। ফুটপাতেই বাসচাপায় প্রাণ হারালেন তিনি। এক প্রশিক্ষণে অংশ নিতে গাইবান্ধা থেকে বাসে রাজধানীর গাবতলীতে নেমে আগারগাঁও যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন রফিকুল।
মিরপুরের দারুস সালাম টাওয়ারের বিপরীতে সড়কের ফুটপাতে গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলামিক ফাউন্ডেশনের গাইবান্ধা শাখা কার্যালয়ে মাঠপর্যায়ের তত্ত্বাবধায়ক ছিলেন।
মিরপুর থানার এসআই আহসান হাবীব বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, দারুস সালাম টাওয়ারের বিপরীত পাশে হঠাৎ করেই ধামরাই থেকে গুলিস্তানগামী একটি মিনিবাস ফুটপাতে উঠে পড়ে। মিনিবাসটি রফিকুলকে ফুটপাতের প্রান্তে থাকা দেয়ালের সঙ্গে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পরপরই চালক পালিয়ে যান। মিনিবাসটি আটক করে থানায় আনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের একান্ত সচিব জাকের হোসাইন বলেন, গতকাল সকাল আটটা থেকে তাঁদের ২১৬ জন কর্মীর প্রশিক্ষণ ছিল। এতে যোগ দিতে আসছিলেন রফিকুল। তাঁর গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়ায়। ময়নাতদন্ত শেষে বিকেলে তাঁর লাশ ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে ফাউন্ডেশনের উদ্যোগে লাশ গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।