
বগুড়া শহরের প্রাণকেন্দ্র ও ব্যস্ততম এলাকা সাতমাথায় ফুটপাত দখল করে স্থাপন করা হয়েছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিলবোর্ড। এসব বিলবোর্ড ভাড়া দিয়ে বিজ্ঞাপনী সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে অর্থ আদায় করছে বগুড়া পৌরসভা। এই বিলবোর্ডকে ঘিরেই শহরের সাতমাথায় চলছে ফুটপাত দখলের মহোৎসব। বিলবোর্ডের নিচে গড়ে উঠেছে দোকানপাট।
ফুটপাত-সংলগ্ন রাস্তায় ‘গাড়ি পার্কিং এলাকা’ ঘোষণা করে সেখান থেকেও ভাড়া তুলছে পৌরসভা।
অভিযোগ উঠেছে, দুই মাস আগে (গত ১২ ফেব্রুয়ারি) শহরের ব্যস্ততম এই এলাকার যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে জেলা ও পুলিশ প্রশাসন যৌথভাবে নির্দিষ্ট কয়েকটি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করে। লাল দাগ দিয়ে চিহ্নিত এই ‘রেড জোন’ এলাকা হকারমুক্ত রাখা এবং অটোরিকশাসহ সব ধরনের যান্ত্রিক বাহন দাঁড়ানো নিষিদ্ধ করা হয়। প্রশাসনের এই উদ্যোগ শুরুতে প্রশংসিত হলেও পৌরসভার ভাড়া দেওয়া ফুটপাত দখলমুক্ত না হওয়ায় তা প্রশ্নের মুখে পড়েছে।
সাতমাথা এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই মাস আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌরসভার মেয়র যৌথভাবে অভিযান চালিয়ে সাতমাথার বিভিন্ন অংশ ‘রেড জোন’ ঘোষণা করেন। অভিযানে ক্ষুদ্র ব্যবসায়ীদের ফুটপাত থেকে উচ্ছেদ করা হলেও সাতমাথার বীরশ্রেষ্ঠ স্কয়ারের দক্ষিণ-পূর্ব অংশে জিলা স্কুলের প্রাচীর ঘেঁষে ফুটপাত দখল করে স্থাপন করা বিলবোর্ড ও স্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়নি।
সম্প্রতি সরেজমিন ঘুরে দেখা গেছে, জিলা স্কুলের প্রাচীর ঘেঁষে শেরপুর সড়কের মোড় পর্যন্ত ফুটপাতের প্রায় চার হাত জায়গা দখল করে বড় আকারের ছয়টি বিলবোর্ড শোভা পাচ্ছে। বড় একটি বিলবোর্ডে দেখা গেল, ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের সফলতা কামনা করছেন।
সাতমাথায় ‘রেড জোন’ এলাকায় ফুটপাতে পণ্যের পসরা সাজিয়ে বসতে দেখা গেছে হকারদের। শেরপুর ও স্টেশন সড়কে আগের মতোই ‘রেড জোনের’ ভেতর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অটোরিকশা-টেম্পো। হকাররা বলেন, চাঁদা নিয়ে ফুটপাতে দোকান বসার সুযোগ করে দেওয়া হচ্ছে। এসব চাঁদার টাকা যাচ্ছে পুলিশ ও পৌরসভার একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীর পকেটে। প্রতিটি দোকান থেকে দিনে ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা তোলা হচ্ছে।
ফুটপাতের কিছু অংশ বেড়া দিয়ে ঘিরে ‘সাংবাদিক ছাউনি’ হিসেবে ব্যবহার করছেন স্থানীয় আলোকচিত্রীরা। আলোকচিত্রীদের সংগঠনের একজন নেতা দাবি করেন, তাঁরা ফুটপাত দখল করেননি। বিলবোর্ড স্থাপনের পর জিলা স্কুলের দেয়াল লাগোয়া জায়গাটুকু ছিল নোংরা-আবর্জনায় ভরা। ছিল মাদক সেবনকারীদের উৎপাত। পৌরসভা থেকে সাতমাথার ‘বীরশ্রেষ্ঠ স্কয়ার’ চত্বরের দেখভাল ও সৌন্দর্যবর্ধনের দায়িত্ব নিয়েছেন তাঁরা। তাই এখানে সব সময়ই তাঁদের থাকতে হয়। তাই ‘বীরশ্রেষ্ঠ’ স্কয়ারের পাশের জায়গাটুকু পরিষ্কার করে সেটুকু অংশ ‘সাংবাদিক ছাউনি’ হিসেবে ব্যবহার করছেন তাঁরা।
সাতমাথায় ফুটপাত ঘেঁষে রাস্তায় ‘গাড়ি পার্কিং জোন’ গড়ে তুলে সেখান থেকে ভাড়া তুলছে পৌরসভা। গত সোমবার সকালেও সেখানে বেশ কিছু কার ও মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। মাইক্রোবাসচালক জাহিদুল ইসলাম বলেন, এক মিনিটের জন্য গাড়ি পার্কিং করলেও পৌরসভাকে ভাড়া দিতে হয় ১০ টাকা।
এসব বিষয়ে বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, ‘পরিচ্ছন্ন শহর গড়তে আইন করে বিলবোর্ড স্থাপন নিষিদ্ধ করার পক্ষে আমিও। তবে বিলবোর্ড ভাড়া দিয়ে পৌরসভার বছরে প্রায় ২২ লাখ টাকা আয় হয়। সাতমাথার বিলবোর্ডগুলো বাণিজ্যিক কোম্পানির কাছে আগামী জুন মাস পর্যন্ত ভাড়া দেওয়া রয়েছে। চুক্তি শেষ হলে নবায়ন না করার বিষয়টি বিবেচনা করা হবে।’
বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন, ‘সাতমাথায় ফুটপাত থেকে বিলবোর্ড অপসারণের জন্য পৌরসভাকে বলা হয়েছে। তবে তারা জুন মাস পর্যন্ত সময় চেয়েছে।’
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘ফুটপাতের দোকান থেকে টাকা ওঠানোর সঙ্গে পুলিশ জড়িত নয়। টাকার বিনিময়ে “রেড জোন” এলাকায় পার্কিং করতে দিতে পুলিশের বিরুদ্ধে করা অভিযোগও সত্যি নয়। ফুটপাত থেকে বিলবোর্ড সরানোর জন্য পৌরসভাকে বলা হয়েছে।’