ধানমন্ডির সাতমসজিদ সড়কের ৬/এ থেকে ৭/এ পর্যন্ত ফুটপাতে বছরের পর বছর ধরে চলে আসছে মাছ-মুরগির ব্যবসা। পথচারীদের অভিযোগ, পরিবেশ নষ্ট হচ্ছে। দুর্গন্ধ ও ফুটপাত দখল হওয়ায় মূল সড়কে নেমে হাঁটতে হয়।
সাতমসজিদ সড়কের আনাম র্যাং গস প্লাজার উল্টো দিক থেকে এগিয়ে ৭/এ-এর দিকে যেতে এবি ব্যাংকের ট্রেনিং একাডেমি পর্যন্ত পুরোটাই মাছ ও মুরগির বাজার। সঙ্গে যোগ হয়েছে ছাপরা হোটেল ও চায়ের দোকান। সকাল থেকে বেশ খানিকটা রাত পর্যন্ত চলে তাদের বেচা-বিক্রি।
গতকাল রোববার ওই সড়কে গিয়ে দেখা যায়, অন্তত ১০ জন মাছ ও মুরগি বিক্রেতা ফুটপাত দখল করে বসে আছেন। ক্রেতাদের আকৃষ্ট করতে নানান সুরে দাম হাঁকাচ্ছেন। মাছের বরফের পানি গড়িয়ে ফুটপাত ছেড়ে মূল সড়ক অবধি চলে আসছে। মাছ-মুরগি কাটা হচ্ছে ফুটপাতের ওপরেই। চারদিকে ছড়িয়ে পড়ছে রক্তমাখা পানি। লোকজনকে বাধ্য হয়ে ব্যস্ত সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে। ফলে যানবাহনের গতি মন্থর হয়ে পড়ছে। সারা দিন যানজট লেগেই থাকছে।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষার্থী অর্থী হাসান এ ফুটপাত দিয়ে নিয়মিত চলাচল করেন। অর্থী বলেন, ‘ক্লাসের জন্য এই ক্যাম্পাস থেকে ওই ক্যাম্পাস দৌড়াই। এই ফুটপাত ধরে যেতে হয়। নাকে কাপড় ছাড়া হাঁটা যায় না। গায়ে মাছের পানির ছিটা লাগে।’ এই সড়কে চলাচলকারী আরও কয়েকজন বলেন, দুপুরের দিকে এখানে ভিড় বেশি হয়। তখন ক্রেতা-বিক্রেতা বেড়ে যায়। হাঁটতে হয় মূল সড়কে নেমে। খোলা জায়গায় মাছ-মুরগি কাটার ফলে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। অনেকেই মূল সড়কে গাড়ি থামিয়ে সেখান থেকে কেনাকাটা করেন।
মো. সুমন প্রায় ছয় বছর ধরে এখানে মাছ বিক্রি করেন। এখানে বসার কোনো অনুমতি আছে কি না, জানতে চাইলে বলেন, ‘অনুমতি কে দিব। আমরা এহানেই মাছ বেচি।’
মাছ-মুরগি ছাড়াও একাধিক ছাপরা হোটেল বসেছে ফুটপাত দখল করে। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট ‘হেঁটে যাতায়াত: আমাদের করণীয়’ শীর্ষক একটি সেমিনার করে। সেখানে ধানমন্ডির সাতমসজিদ সড়ককে পথচারীবান্ধব করার কথা বলা হয়।
কিন্তু সাতমসজিদ সড়কের ৬/এ থেকে ৭/এ পর্যন্ত সড়কে প্রতিনিয়ত ফুটপাতের ওপর বাজার বসে আসছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বলেন, উচ্ছেদ অভিযান নিয়মিত হয়। তবে এ জায়গাটি নিয়ে তিনি কোনো অভিযোগ পাননি, তাই কিছু বলা হয়নি।