ফুটপাতে মিনিবাসের চাপায় প্রাণ গেল রফিকুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটপাত দিয়েই হেঁটে আগারগাঁও কার্যালয়ে যাচ্ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মী রফিকুল ইসলাম। ফুটপাতেই বাসচাপায় প্রাণ হারালেন তিনি। এক প্রশিক্ষণে অংশ নিতে গাইবান্ধা থেকে বাসে রাজধানীর গাবতলীতে নেমে আগারগাঁও যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন রফিকুল।
মিরপুরের দারুস সালাম টাওয়ারের বিপরীতে সড়কের ফুটপাতে গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলামিক ফাউন্ডেশনের গাইবান্ধা শাখা কার্যালয়ে মাঠপর্যায়ের তত্ত্বাবধায়ক ছিলেন।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে রফিকুল গাইবান্ধা থেকে বাসযোগে এসে গাবতলীতে নামেন। সেখান থেকে ফুটপাত দিয়ে হেঁটে তিনি আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে যাচ্ছিলেন। দারুস সালাম টাওয়ারের বিপরীত পাশে হঠাৎ করেই ধামরাই থেকে গুলিস্তানগামী একটি মিনিবাস ফুটপাতে উঠে পড়ে। মিনিবাসটি তাঁকে ফুটপাতের প্রান্তে থাকা দেয়ালের সঙ্গে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রফিকুল। ভেঙে যায় দেয়ালটিও। ঘটনার পরপরই মিনিবাস ফেলে চালক পালিয়ে যান। মিনিবাসটি আটক করে থানায় আনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের একান্ত সচিব জাকের হোসাইন বলেন, গতকাল সকাল আটটা থেকে তাঁদের ২১৬ জন কর্মীর প্রশিক্ষণ ছিল। এতে যোগ দিতে আসছিলেন রফিকুল। তাঁর গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়ায়। তিনি দুই সন্তানের জনক। ময়নাতদন্ত শেষে বিকেলে তাঁর লাশ আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে ফাউন্ডেশনের নিজস্ব উদ্যোগে লাশ গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।