রাজধানীতে গতকাল শুক্রবার সকালে ফুটপাতে উঠে পড়া মিনিবাসের চাপায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক কর্মকর্তা ফজলুল হক (৬৫) নিহত হয়েছেন। এ ছাড়া গত বৃহস্পতিবার গভীর রাতে পুরানা পল্টন মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালকের সহকারী বদু মিয়া (৩৫) নিহত হন।শেরেবাংলা নগর থানার পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে সময় নিয়ন্ত্রণ নামের একটি মিনিবাস আগারগাঁওসংলগ্ন তালতলা বাসস্ট্যান্ডের পাশের ফুটপাতে উঠে পড়ে পথচারী ফজলুলকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পুলিশ মিনিবাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।নিহত ফজলুল হকের শ্যালক ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সহকারী অধ্যাপক এস এম কামরুল আক্তার প্রথম আলোকে বলেন, ফজরের নামাজ পড়ে প্রতিদিনের মতো গতকাল ভোরেও তাঁর ভগ্নিপতি প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন। তিনি সপরিবারে মিরপুর থানার পশ্চিম কাজীপাড়ায় থাকতেন। তাঁর দুই ছেলে আছে। বিকেলে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলার ভাটিয়াখাড়ায় নিয়ে যাওয়া হয়।পল্টন থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পুরানা পল্টন মোড়ে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নেত্রকোনা থেকে শুঁটকি মাছ নিয়ে যাত্রাবাড়ীগামী ট্রাকের চালকের সহকারী বদু ছিটকে সড়কে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, দুর্ঘটনাকবলিত দুটি ট্রাকই আটক করা হয়েছে। তবে দুই চালকই পালিয়ে গেছেন।