ফুটপাতে মোটরসাইকেল বন্ধে এবার লোহার পাইপ!
সামনে যানবাহনের লম্বা সারি? নাহ্, কোনো সমস্যা নেই। ফুটপাত আছে না? বিকট শব্দে ভেঁপু বাজিয়ে, কখনো পথচারীর গায়ে খোঁচা মেরে দ্রুত চলে যায় মোটরসাইকেল। এ দৃশ্য রাজধানী ঢাকায় নিত্যদিনের। তীব্র যানজট এড়িয়ে এভাবে পথচলা মোটরসাইকেলের আরোহীদের জন্য রোমাঞ্চকর হলেও এতে নাভিশ্বাস উঠে যাচ্ছে পথচারীদের।
এটা বন্ধে উচ্চ আদালত নির্দেশনা দিয়েছেন। পুলিশও নানা সময় অভিযান চালিয়েছে। তবে কিছুতেই কিছু হচ্ছে না। ফুটপাত দখল করে মোটরসাইকেল চলাচল আরও বেড়েছে।
এবার মোটরসাইকেল চলাচল বন্ধে ফুটপাতের ঢালে ও মাঝে মাঝে লোহার পাইপ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটা করা হলে পাইপের ফাঁক গলে পথচারী যাতায়াত করতে পারবে। কিন্তু মোটরসাইকেল চলতে পারবে না।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চিঠি দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। এর আগে ১০ জুলাই বিআরটিএর সদর কার্যালয়ে পরিবহন খাতের নানা সমস্যা সমাধানে গঠিত টাস্কফোর্সের বৈঠকে এভাবে পাইপ বসানোর সিদ্ধান্ত হয়।
জানতে চাইলে বিআরটিএর সচিব শওকত আলী প্রথম আলোকে বলেন, ফুটপাতে মোটরসাইকেল তোলার কারণে অনেক দুর্ঘটনা ঘটছে। পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এটা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। মোটরসাইকেলের আরোহীরা যাতে ফুটপাতে উঠতে না পারেন, সেভাবে ফুটপাত নির্মাণ এবং ফুটপাতের মধ্যে লোহার পাইপ বসানো হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে গতকালই চিঠি পাঠানো হয়েছে।
বিআরটিএ সূত্র জানায়, ফুটপাতে প্রতিবন্ধকতা স্থাপনের পাশাপাশি ভবিষ্যতে সড়ক ও ফুটপাতের ঢাল এমনভাবে নির্মাণ করার সিদ্ধান্ত হয়, যাতে মোটরসাইকেলের আরোহীরা উঠতে না পারেন।
যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, হাইকোর্টের নির্দেশনা মাথায় রেখে যোগাযোগমন্ত্রীর নেতৃত্বাধীন সড়ক নিরাপত্তা কাউন্সিলেও ফুটপাতে মোটরসাইকেল উঠতে না দেওয়ার সিদ্ধান্ত হয়। এর পরই বিআরটিএর চেয়ারম্যানের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হয়। এতে পুলিশ, ঢাকা সিটি করপোরেশন, মালিক-শ্রমিক প্রতিনিধি রয়েছেন। এই টাস্কফোর্স ফুটপাতে মোটরসাইকেল চালানো বন্ধসহ ফিটনেসবিহীন যানবাহন ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।