ফুটপাতে যত উৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মোড় থেকে পুরাতন বিমান অফিস পর্যন্ত দূরত্ব প্রায় পাঁচ শ গজ। নূর আহমদ সড়কের এই অংশে দুই (পূর্ব-পশ্চিম) পাশেই রয়েছে ফুটপাত। একপাশে (পূর্ব) মোটামুটি হাঁটা গেলেও অন্য পাশের আউটার স্টেডিয়াম-সংলগ্ন ফুটপাতটিতে হাঁটা ছাড়া বাকি সব হচ্ছে। কিছু অংশে রাখা হচ্ছে ভ্যান ও পিকআপ। একটি অংশ হয়ে উঠেছে আবর্জনা ভাগাড়ে। বাকিটা ইট-পাথর, টাইলস, পরিত্যক্ত বাঁশ ও ভাসমান দোকানের দখলে।
ফুটপাতটির এই অবস্থা দীর্ঘদিন ধরে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের পূর্ব পাশের এই পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করা হলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। পথচারীরাও খুব একটা পা মাড়ায় না, রাস্তা ওপর দিয়েই করে হাঁটাচলা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, আউটার স্টেডিয়ামের প্রবেশমুখে ফুটপাতের একটি অংশে বিশ্রামাগার নির্মাণ করেছে সিটি করপোরেশন। কিন্তু তার ভেতরে রাখা হয়েছে ভ্যানগাড়ি, টাইলস ও টেবিল। বসার আসনগুলো ফাঁকা। বিশ্রামাগারের পাশে ফুটপাতের ওপর বাঁশের স্তূপ। ইট-পাথরও রাখা হয়েছে। এরপর ফুটপাত পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। আশপাশের এলাকার ময়লা ও গৃহস্থালি বর্জ্য ফেলা হয় এখানে। এই জায়গায় আর ফুটপাতের অস্তিত্ব নেই। বর্জ্য চলে এসেছে রাস্তায়ও। ময়লার জঞ্জাল পেরিয়েও স্বস্তি নেই। ফুটপাতের বাকি অংশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে অন্তত ২০টি পিকআপ ভ্যান।
জয়নাল আবেদীন ও মোহাম্মদ আনোয়ার নামের দুই পিকআপ ভ্যানচালক প্রথম আলোকে বলেন, আগে আউটার স্টেডিয়ামে গাড়ি রাখতেন। কিন্তু সেখানে সুইমিংপুলের নির্মাণকাজ চলায় এখন ফুটপাত ও সড়কের ওপর গাড়ি রাখেন।
গতকাল দুপুর দেড়টার দিকে রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন সোহেল রহমান নামের এক চাকরিজীবী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ফুটপাতে ময়লা-আবর্জনা থেকে শুরু করে গাড়ি সবকিছুই রাখা হয়েছে। কিন্তু যাদের জন্য ফুটপাত, সে পথচারীদের চলাচলের কোনো পরিবেশ নেই। একই কথা বলেন আরেক পথচারী মেহেদী হাসানও।
অথচ স্টেডিয়ামের পশ্চিম পাশের চিত্র পুরোটাই ভিন্ন। এই এলাকার সড়ক ও ফুটপাত ঝকঝকে পরিষ্কার। দুই পাশে রয়েছে উন্নতমানের রেস্তোরাঁ, আইসক্রিম ও কফি শপ। আছে কনভেনশন সেন্টার। এসব প্রতিষ্ঠানের সামনে শোভা পাচ্ছে সৌন্দর্যবর্ধক গাছপালা। এমন পরিবেশ দেখে মুগ্ধ হবেন যে কেউ। স্টেডিয়ামের দক্ষিণ ও উত্তর পাশের চিত্রও একই। কিন্তু পূর্ব দিকের সড়ক ও ফুটপাতের অবস্থা দেখলে মুহূর্তে মিলিয়ে যাবে সব মুগ্ধতা।
স্টেডিয়ামের তিন পাশের চমৎকার পরিবেশ সত্ত্বেও পূর্ব দিকের অবস্থা নিয়ে বিব্রতকর অবস্থায় আছেন খোদ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সলিম উল্লাহ। অবশ্য আউটার স্টেডিয়ামে নির্মাণাধীন সুইমিংপুলকে ঘিরে সিটি করপোরেশন এই এলাকায় সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। কাউন্সিলর প্রথম আলোকে বলেন, এলাকাটা পরিষ্কার করার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, আউটার স্টেডিয়াম-সংলগ্ন ফুটপাতের দৈর্ঘ্য ৫০০ গজ, প্রস্থ ১৫ ফুট। কিন্তু পুরোটাই এখন হাঁটার অযোগ্য।
আউটার স্টেডিয়াম-সংলগ্ন ফুটপাতের সংস্কারকাজ খুব দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী। তিনি প্রথম আলোকে বলেন, ফুটপাতে আর ময়লা-আবর্জনা ফেলা হবে না। বাঁশের স্তূপ ও পিকআপ ভ্যানগুলো নিয়মিত সরিয়ে দেওয়া হয়। কিন্তু আবার সেখানে এসব রাখা হয়। ফুটপাতের নির্মাণকাজ শেষ হলে সেখানে কোনো কিছু রাখতে দেওয়া হবে না।