ফুটপাতে স্বস্তি, মশায় অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
নিউমার্কেট ও গাউছিয়া মার্কেট এলাকা থেকে হকার উচ্ছেদ করা হয়েছে। এতে ফুটপাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করছে মানুষ। তবে গতকাল গাউছিয়া মার্কেটের সামনে কিছু হকারকে হাতে নিয়ে পণ্য বিক্রি করতে দেখা যায় l ছবি: প্রথম আলো
নিউমার্কেট ও গাউছিয়া মার্কেট এলাকা থেকে হকার উচ্ছেদ করা হয়েছে। এতে ফুটপাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করছে মানুষ। তবে গতকাল গাউছিয়া মার্কেটের সামনে কিছু হকারকে হাতে নিয়ে পণ্য বিক্রি করতে দেখা যায় l ছবি: প্রথম আলো

সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে দুই বছর। অনেক স্থানে উন্নয়ন হয়েছে। আবার কোথাও কিছুই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে ওয়ার্ডের চালচিত্র
নিউমার্কেট, নীলক্ষেত, গাউছিয়া মার্কেট, চাঁদনী চক শপিং কমপ্লেক্স ও সায়েন্স ল্যাবরেটরি এলাকার প্রধান সমস্যা ছিল ফুটপাতে হকার। সম্প্রতি এসব এলাকা থেকে হকার উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে এসব এলাকার এতদিনকার চিত্র বদলে গেছে। হকারমুক্ত ফুটপাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করছে মানুষ।

এলাকাগুলো ডিএসসিসির ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন। নীলক্ষেত রোড, নিউমার্কেট, পিলখানা রোড, কাঁটাবন রোড, মিরপুর রোড, শহীদ জননী জাহানারা ইমাম সরণি, সায়েন্স ল্যাবরেটরি, এলিফ্যান্ট রোড, নিউ এলিফ্যান্ট রোড, মিরপুর রোড, সেন্ট্রাল রোড, কলেজ স্ট্রিট, ঢাকা কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ ও পিলখানা এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত। ওয়ার্ডে ভোটার আছেন প্রায় ৪১ হাজার।
ফুটপাত নিয়ে স্বস্তি থাকলেও মশার উপদ্রব, জলাবদ্ধতা, যানজট ও মাদকের সমস্যা নিয়ে অস্বস্তি আছে এলাকাবাসীর মধ্যে। গতকাল বুধবার ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত রোড, নিউমার্কেট-পিলখানা রোড, মিরপুর রোড ও আশপাশের এলাকার প্রায় সব ফুটপাত ফাঁকা। কোথাও তেমন কোনো হকার নেই। পথচারীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করছেন। তবে গাউছিয়া মার্কেটের সামনে কিছু হকারকে হাতে করে পণ্য বিক্রি করতে দেখা যায়। ফুটপাতে ময়লা-আবর্জনাও দেখা যায়নি। এ ছাড়া নিউমার্কেটের ভেতরেও হকার নেই।
মিরপুর রোডের বাসিন্দা মাহবুবুল হক খান বলেন, নিউমার্কেট, নীলক্ষেতসহ মিরপুর রোডের দুই পাশের ফুটপাতে প্রায় পাঁচ হাজার হকার বসতেন। এতে পথচারীদের ভোগান্তি পোহাতে হতো। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তেন নারী ও শিশুরা। সিটি করপোরেশনের টানা অভিযানে ফুটপাত এখন হকারমুক্ত। এতে তাঁরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন।
নিউমার্কেটের ব্যবসায়ী তানভিরুল আলম বলেন, হকার উচ্ছেদের ফলে নিউমার্কেট, নীলক্ষেত, চন্দ্রিমা সুপার মার্কেট, চাঁদনী চকসহ আশপাশের বিপণিবিতানের সৌন্দর্য বেড়েছে। আগে বিপণিবিতানের চারপাশের ফুটপাতে পলিথিন দিয়ে শামিয়ানা টানিয়ে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসতেন হকাররা। এতে মার্কেটগুলোর ভেতর পর্যাপ্ত আলো-বাতাস ঢুকত না। ক্রেতাও কমে গিয়েছিল। ফুটপাত হকারমুক্ত হওয়ায় এলাকার বিপণিবিতানগুলো হারানো সৌন্দর্য ফিরে পেয়েছে।
ডিএসসিসির ১৮ নম্বর ওয়ার্ডে নিয়মিত মশার ওষুধ ছিটানো হয় না বলে অভিযোগ করেছেন স্থানীয় অনেকে। নিউ এলিফ্যান্ট রোডের বাসিন্দা হেদায়েত উল্লাহ বলেন, মাসে গড়ে একবারও তাঁদের এলাকায় মশার ওষুধ ছিটানো হয় না। অথচ দিনে দিনে মশার উপদ্রব বাড়ছে। অথচ সিটি করপোরেশনের নির্বাচনের আগে নিয়মিত মশার ওষুধ ছিটানোর ঘোষণা দিয়েছিলেন মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর।
এদিকে দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কের পূর্ব পাশে যানজট লেগে থাকতে দেখা যায়। একইভাবে ইডেন কলেজের সামনে থেকে নীলক্ষেত মোড়, নিউমার্কেটের পশ্চিম মাথা থেকে নীলক্ষেত মোড় ও তুলা মার্কেটের সামনের সড়কে যানজট দেখা যায়।
আজিমপুর থেকে রিকশায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন তৌহিদুল ইসলাম। তিনি বলেন, আজিমপুর বটতলা থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত আসতে সময় লেগেছে চার মিনিট। অথচ নীলক্ষেত মোড়ে যানজটে আটকে আছেন ১০ মিনিট। তিনি বলেন, বিকেল থেকে এই এলাকার যানজট আরও বেড়ে যায়। তবে হকার উচ্ছেদের পর এই এলাকার যানজট কিছুটা কমেছে।
হাতিরপুলের বাসিন্দা নাসির উদ্দিন বলেন, গত কয়েক দিনের বর্ষণে সেন্ট্রাল রোড, মিরপুর রোড (ঢাকা কলেজের সামনে) ও হাতিরপুল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তিনি বলেন, গত বছর এসব এলাকার জলাবদ্ধতা নিরসনে পৃথক নালা নির্মাণ করা হয়েছে। কিন্তু গত কয়েক দিন আগে টানা বর্ষণে সড়কে পানি জমেছে। পানি সরতে ঘণ্টাখানেক সময় লেগে যায়। তবে জলাবদ্ধতা আগের চেয়ে অনেকটাই কম।
এলিফ্যান্ট রোডের বাসিন্দা তরিকুল ইসলাম অভিযোগ করেন, প্রতিদিন সন্ধ্যার পর মহল্লার অলিগলিতে মাদক সেবন চলে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এলাকার প্রায় প্রতিটি গলিতে মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে যায়। তারা প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন করে। মাঝেমধ্যে পুলিশ অভিযান চালায়। কিন্তু মাদক সেবন বন্ধ হচ্ছে না।