ফুটপাতে হকার, রাস্তায় যান পথচারীরা পেরেশান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খুলনা নগরের ফুটপাত দিয়ে হাঁটার কোনো কায়দা নেই। মানুষের হাঁটার রাস্তা ফুটপাত বন্ধ করে হকার ও ব্যবসায়ীরা সেখানে অবৈধ ব্যবসার ক্ষেত্র বানিয়েছেন। সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। বাধ্য হয়ে আমাদের ফুটপাত ছেড়ে রাস্তার মধ্য দিয়ে চলতে হচ্ছে। আর অহরহ রিকশা-গাড়ির ঘাই-গুঁতা সহ্য করতে হচ্ছে। এভাবে একটি নগর চলতে পারে না।’ নগরের ক্লে রোডের পথচারী বেসরকারি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এম এ কাইয়ুম এভাবেই নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। খোঁজ নিয়ে জানা গেছে, নগরে সড়ক রয়েছে ৩০০ কিলোমিটার। এর মধ্যে সড়কের দুই পাশে ফুটপাত রয়েছে ২০০ কিলোমিটার। এসব ফুটপাত অবৈধভাবে দখল হয়ে যাওয়ায় নগরের পথচারীরা চলাচলে অসুবিধায় পড়েছে। প্রতিনিয়ত রিকশাচালকসহ অন্যান্য যানবাহনের চালকদের সঙ্গে পথচারীদের ঝগড়া-বিবাদ লেগেই আছে। ঈদ সমনে রেখে অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মী, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী পুলিশকে মাসোহারা দিয়ে অবৈধ দখলকারীরা ফুটপাত দখল করে চুটিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে খুলনা নগরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সড়কের দুই পাশের ফুটপাত একরকম বন্ধ করে বসেছে জামা-জুতার দোকান, ফলের দোকান, সাইকেল মেরামতের দোকান, রেস্তোরাঁ, চা-পান-সিগারেটের দোকান ও আসবাবপত্রের দোকান। ক্লে রোড, স্যার ইকবাল রোড, স্টেশন রোডের অবস্থা বেশি খারাপ। এসব রোডের শুধু ফুটপাত নয়, সড়কের ওপরও মালামাল রেখে যানবাহন ও পথচারী চলাচলে বাধা তৈরি করা হচ্ছে।কথা হয় স্যার ইকবাল রোডের পথচারী আনোয়ারের সঙ্গে। তিনি দুঃখ করে বলেন, ‘ফুটপাত থাকতে আমাদের ঠেলা-গুঁতা খেয়ে রাস্তার মধ্য দিয়ে চলতে হচ্ছে। দেখার কেউ নেই।’ রিকশাচালক অদুদ মুন্সি বলেন, ‘ফুটপাত ছাইড়ে মানষি রাস্তা দে চল্লি আমরা গাড়িঘোড়া চালাব কি এরে? এ নিয়ে রাস্তার মানষিগে সাথে ঝগড়া-ফ্যাসাদ লাইগে রইছে। আর গালিগালাজ খাতি হচ্ছে।’পিকচার প্যালেস মোড়ের ফুটপাতে জামা-কাপড় বিক্রেতা রশীদ, মাহাতাবসহ বেশ কয়েকজন জানান, তাঁরা হকার্স ইউনিয়নের মাধ্যমে সিটি করপোরেশনের অনুমতি নিয়ে এখানে ব্যবসা করছেন। তাঁরা কেসিসি বা পুলিশকে কোনো পয়সা দেন না। নগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, নগরের ফুটপাত দখলমুক্ত রাখার ব্যাপারে মেয়র ও মন্ত্রীর সঙ্গে পুলিশের সভা হয়েছে। সবাই নীতিগতভাবে দখলমুক্ত রাখার ব্যাপারে একমত হয়েছেন। রমজান মাস উপলক্ষে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ঈদের পর ফুটপাত দখলমুক্ত রাখার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত দখলমুক্ত করা হবে। এ ব্যাপারে যত বাধাই আসুক, তা উপেক্ষা করা হবে।’