সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে দুই বছর। অনেক স্থানে উন্নয়ন হয়েছে। আবার কোথাও কিছুই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে ওয়ার্ডের চালচিত্র
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চারপাশের ফুটপাত হকারদের দখলে। ওসমানী উদ্যানে বসবাস ভবঘুরেদের, রাতে সেখানে বসে মাদকসেবীদের আড্ডা। আনন্দবাজারে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে গড়ে তোলা হয়েছে ঘোড়ার আস্তাবল। এলাকাগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০ নম্বর ওয়ার্ডের আওতাধীন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়ার্ডের বিভিন্ন স্থানে মশার উপদ্রব ও মাদকের সমস্যা রয়েছে। এ ছাড়া ওয়ার্ডে সিটি করপোরেশনের কোনো কমিউনিটি সেন্টার নেই।
২০ নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছে বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয় (শহীদুল্লাহ হল, ফজলুল হক হল ও কার্জন হল), ওসমানী উদ্যান, গুলিস্তান (একাংশ), ফুলবাড়িয়া, আবদুল গণি রোড, পুরোনো রেলওয়ে কলোনি, সেগুনবাগিচা। ওয়ার্ডে ভোটার আছেন ৩০ হাজারের বেশি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চারপাশের ফুটপাতে গড়ে তোলা হয়েছে তিন শতাধিক অবৈধ দোকানপাট। এর মধ্যে হাসপাতালের (পুরান ফটক) জরুরি বিভাগের ফটকের সামনে বসানো হয়েছে দুই শতাধিক দোকান। এসব দোকানের বর্জ্য সড়ক ও ফুটপাতে ফেলা হয়। এতে রোগী ও পথচারীদের চলাচলে সমস্যা হয়। পশ্চিম ফটকের সামনের সড়কের দুপাশে গড়ে উঠেছে অবৈধ ট্রাকস্ট্যান্ড।
ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, গত দুই বছরে অন্তত ১৫ বার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে ডিএসসিসি। কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় আবার দোকান বসানো হয়। প্রতিটি দোকান থেকে নির্দিষ্ট পরিমাণে চাঁদা আদায় করা হয়।
ওসমানী উদ্যান
প্রায় ২৩ একর আয়তনের ওসমানী উদ্যান নগরের অন্যতম ঐতিহ্যবাহী পার্ক। বর্তমানে এই পার্কে বসতি গড়েছেন অর্ধশতাধিক ভাসমান মানুষ। চারপাশে ছড়িয়ে আছে পয়োবর্জ্য। বাতাসে দুর্গন্ধ। আছেন ভ্রাম্যমাণ হকার ও ভিক্ষুক।
সচিবালয়ের সামনের সড়ক থেকে ওসমানী উদ্যানের ভেতর দিয়ে গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকায় যাওয়ার সময় কথা হয় পথচারী লোকমান হোসেনের সঙ্গে। তিনি বলেন, সঠিকভাবে দেখাশোনার অভাবে উদ্যানের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। ভবঘুরের দখলে চলে গেছে ওসমানী উদ্যান। গাঁজা ও পয়োবর্জ্যের দুর্গন্ধে উদ্যানের ভেতর দিয়ে হাঁটাচলা করা কঠিন।
সেগুনবাগিচা
সেগুনবাগিচা মাল্টিপারপাস কমপ্লেক্সের নিচতলায় ডিএসসিসির ২০ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার। সরেজমিনে দেখা যায়, কাঁচাবাজারের পরিবেশ নোংরা, বাতাসে দুর্গন্ধ, মেঝে স্যাঁতসেঁতে। এর মধ্যে কেনাকাটা করছেন ক্রেতারা। কমপ্লেক্সে ওঠার সিঁড়ি ও দেয়ালে পানের পিক লেগে আছে। এই কমপ্লেক্সের তৃতীয় তলায় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়।
সেগুনবাগিচার পাইওনিয়ার রোডের বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, এই ওয়ার্ডে একটি সরকারি কমিউনিটি সেন্টার নির্মাণ করা খুব জরুরি।
চলতি বছর সেগুনবাগিচা এলাকায় মশার ওষুধ ছিটানো হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় অনেকে।
আনন্দবাজার ও বঙ্গবাজার
আনন্দবাজার থেকে বঙ্গবাজার পর্যন্ত মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের অংশ এখন ঘোড়ার আস্তাবলে পরিণত হয়েছে। এখানে অর্ধশতাধিক ঘোড়া রাখা হয়। সেখানে ছড়ানো-ছিটানো ঘোড়ার বিষ্ঠার দুর্গন্ধে চলাচল করা দায়। এর মধ্যে সড়কের ওপর রাখা হয় ঘোড়ার গাড়ি। রাস্তার পাশে রাখা হয়েছে দুটি ময়লার কনটেইনার। চলছে ইট-বালুর ব্যবসাও। এতে পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।